মরে যাচ্ছে সড়ক বিভাজকের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক বিভাজকে সংস্কারকাজ চলছে। তার প্রভাব পড়েছে গাছগুলোর ওপর। অনেক গাছ মরে বিবর্ণ হয়ে গেছে। ছবিটি গুলশান ২ নম্বর মোড় থেকে তোলা l প্রথম আলো
সড়ক বিভাজকে সংস্কারকাজ চলছে। তার প্রভাব পড়েছে গাছগুলোর ওপর। অনেক গাছ মরে বিবর্ণ হয়ে গেছে। ছবিটি গুলশান ২ নম্বর মোড় থেকে তোলা l প্রথম আলো

রাজধানীর গুলশান ১ নম্বর গোলচত্বর থেকে ২ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়ক বিভাজকে লাগানো শতাধিক গাছ মরে গেছে। সড়ক বিভাজক সংস্কারের কাজ শুরুর পর সেখানে লাগানো গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসী বলছেন, উন্নয়নের খেরাসত দিচ্ছে গাছগুলো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ‘গুলশান, বনানী ও বারিধারা এলাকার সড়ক, নর্দমা এবং ফুটপাত নির্মাণ ও উন্নয়ন প্রকল্প’-এর অধীনে গত বছরের শেষের দিকে গুলশান এলাকায় সড়কের সংস্কারকাজ শুরু হয়। এই প্রকল্পের অধীনে পুরোনো সড়ক বিভাজক ভেঙে দুই ফুট উঁচু নতুন সড়ক বিভাজক তৈরি করা হচ্ছে। গুলশান ১ থেকে ২ নম্বর গোলচত্বর পর্যন্ত এই বিভাজকের ওপর নানা প্রজাতির গাছ লাগানো ছিল।

গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, গুলশান ১ নম্বর গোলচত্বর থেকে ২ নম্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথের বিভাজকজুড়ে সারি সারি মৃত গাছ। চার থেকে পাঁচ ফুটের ব্রাশগাছগুলো দেখে মনে হয় যেন পুড়ে গেছে। প্রায় ১৫ ফুটের দেবদারু-মেহগনিগাছগুলো পাতা শুকিয়ে নির্জীব। কিছু গাছ শিকড় উপড়ে মুখ থুবড়ে পড়ে আছে। আবার কোথাও ছড়ানো মোটা গুঁড়ি দেখে বড় গাছের অস্তিত্ব ছিল বলে টের পাওয়া যায়। প্রতিটি গাছের নিচের মাটি সরে গেছে। কিছু গাছের শিকড় কাটা পড়েছে। সব মিলিয়ে মৃত গাছের সংখ্যা শতাধিক। কিছু গাছ শুকিয়ে হলদে হয়ে মৃতপ্রায়। ফাঁকে ফাঁকে কিছু গাছে সবুজ পাতা চেখে পড়ে।  

সড়ক বিভাজকে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজ করছিলেন মো. দ্বীন ইসলাম। কোদালের আঘাত এসে লাগছিল বিভাজকে লাগানো গাছের শিকড়ে। বললেন, গাছ বাঁচিয়ে কাজ করার কোনো নির্দেশনা তাঁরা পাননি। কাজ করতে গেলে শিকড় কাটা পড়বেই। ইতিমধ্যে প্রায় সব গাছ তাই মরে গেছে।

গুলশানের বাসিন্দা নাজনীন সুলতানা বললেন, গত বছর থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। তখন থেকেই গাছ মরছে। তিনি বলেন, ‘তথাকথিত উন্নয়নের বলি এসব গাছ। পরিবেশ নিয়ে তো কেউ ভাবে না। গাছ বাঁচিয়ে কি পরিকল্পনা করা যেত না?’

গুলশান, বনানী ও বারিধারা এলাকার সড়ক, নর্দমা এবং ফুটপাত নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ও ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, সব গাছ মরে গেছে, এ কথা ঠিক নয়। এই সড়ক বিভাজকের নিচে একটি গভীর নর্দমা আছে। নর্দমাটি বন্ধ করে দেওয়ায় পানি না পাওয়ার কারণে আপাতদৃষ্টিতে গাছগুলো মৃত বলে মনে হচ্ছে। এমন থাকবে না।

শিকড় কাটা পড়া গাছগুলোর বিষয়ে জানতে চাইলে শরিফ উদ্দিন বলেন, কিছু শিকড় কাটা গেছে। সব না। এ বছর ডিএনসিসি এলাকায় আরও ১০ লাখ গাছ লাগানো হবে।