মর্গ থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের সময় কফিন বক্স, চাটাই, মোটা পলিথিনসহ অন্যান্য সামগ্রী সরকারিভাবে সরবরাহ করার প্রস্তাব দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এটি করা সম্ভব না হলে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে লাশ পরিবহনের জন্য প্রয়োজনীয় এসব সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের কার্যক্রম, লাশের ময়নাতদন্ত, লাশবাহী অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে বাণিজ্য করাসহ ছয়টি বিষয়ের ওপর আদালতের নির্দেশে তদন্ত করেছে সিআইডি। ২০১৪ সালের ২২ অক্টোবর সিআইডিকে এসব বিষয়ে তদন্তের নির্দেশ দেন তৎকালীন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী।
প্রায় দুই বছর তদন্তের পর আদালতে জমা দেওয়া সিআইডির প্রতিবেদনে চারটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। সংস্থার চারজন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। চতুর্থ তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকার গত ২৬ সেপ্টেম্বর আদালতে তিন পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন। ২০ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রতিবেদনটি গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে বলে জানান বেঞ্চ সহকারী হারুন অর রশিদ।
সিআইডির সহকারী পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, অ্যাম্বুলেন্সে লাশ পরিবহনের সময় লোকজন হয়রানির শিকার হন। এ ছাড়া মর্গে ছোটখাটো অসংগতি পাওয়া গেছে। সমস্যা সমাধানে চারটি প্রস্তাব তুলে ধরা হয়েছে।
লাশ হাসপাতালের ওয়ার্ড থেকে ডেথ সার্টিফিকেট ওয়ার্ড মাস্টারের রুমে আসা, সেখান থেকে লাশ ঘরে রাখা, মর্গে লাশ গ্রহণ ও মর্গের কার্যক্রম, মর্গ থেকে লাশ হস্তান্তর, ময়নাতদন্তের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি এবং লাশবাহী অ্যাম্বুলেন্সের ভাড়া—এ ছয়টি বিষয় তদন্ত করেছে সিআইডি।
প্রতিবেদনে হাসপাতালে মৃত্যুর পর থেকে লাশ অ্যাম্বুলেন্সে পরিবহন পর্যন্ত অনিয়ম ও ভোগান্তি কমাতে চারটি প্রস্তাব তুলে ধরা হয়। এতে বলা হয়, অ্যাম্বুলেন্স মালিক সমিতি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ ও গন্তব্যের ভাড়া নির্ধারণ করায় ভুক্তভোগী ব্যক্তিরা আর্থিক ক্ষতির মুখে হচ্ছেন। এ জন্য সিআইডির প্রস্তাব, কিলোমিটার অনুযায়ী ভাড়া নির্ধারণ করা। অথবা ভাড়ার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা। অ্যাম্বুলেন্স মালিক সমিতি কীভাবে ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করে মানুষকে অ্যাম্বুলেন্স নিতে বাধ্য করছে, তা খতিয়ে দেখারও কথা বলেছে সিআইডি।
অবশ্য চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির দাবি, তারা ইচ্ছেমতো ভাড়া আদায় করে না। সমিতির সভাপতি আনোয়ার হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দরদাম করে যৌক্তিক ভাড়া নেওয়া হয়।
মর্গ থেকে লাশ হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরকারিভাবে সরবরাহের ব্যবস্থা থাকা প্রয়োজন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, অতি জরুরি কফিন বক্স, চাটাইসহ অন্যান্য সামগ্রীর অভাবে মৃত ব্যক্তির স্বজনেরা অসহায় অবস্থায় পড়েন। এসব সরঞ্জামাদি হয় সরকার সরবরাহ করবে, নয়তো এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত মূল্যে ভুক্তভোগী ব্যক্তিদের প্রদান করতে হবে।
ময়নাতদন্তের সময় সরকারি ‘বিশেষজ্ঞ’ ব্যক্তিদের (চিকিৎসক) নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছে সিআইডি। মর্গে ১০ বছর ধরে একজন চতুর্থ শ্রেণির ও একজন পাবলিক কর্মীর সহায়তায় ময়নাতদন্তের কাজ হচ্ছে। এ ব্যবস্থাকে অগ্রহণযোগ্য বলা হয়েছে প্রতিবেদনে।
মর্গে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া। তিনি বলেন, মর্গের আশপাশে যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার। মর্গের পরিবেশ উন্নত করা গেলে পুলিশ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মর্গে তাঁদের দায়িত্ব পালন করতে উৎসাহী হবেন।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মর্গ থেকে লাশ হস্তান্তরের সময় কফিন বাক্স, চাটাইসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সরকারিভাবে বরাদ্দ না থাকায় সরবরাহ করা হয় না। তিনি আরও বলেন, ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা প্রতিটি লাশের ময়নাতদন্তের সময় উপস্থিত থাকেন। লাশের বিভিন্ন অঙ্গের নমুনা সংগ্রহ করে ওই চিকিৎসকেরাই পরীক্ষা-নিরীক্ষা করেন। তদন্ত প্রতিবেদনে ১০ বছর ধরে বিশেষজ্ঞ নেই বলা হলেও তা সঠিক নয় বলে জানান তিনি।