স্বামী-স্ত্রী দুজনেই কাজ করতেন সাভারের রানা প্লাজার চতুর্থ তলায়। দুজনেই কাটিং মাস্টার। ভবনটি ধসে পড়লে বেরিয়ে আসতে সক্ষম হন স্ত্রী জহুরা, কিন্তু আটকা পড়েন স্বামী মতিউর রহমান। ১১ দিনের মাথায় মতিউরের লাশ খুঁজে পান জহুরা।
কিন্তু কর্তৃপক্ষ যখন লাশ হস্তান্তর করবে তখন সেখানে হাজির হন আরেক নারী। তিনিও লাশটি তাঁর স্বামীর বলে দাবি করেন। পরে লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। দুই নারীই ডিএনএ পরীক্ষা করাতে আত্মীয়স্বজন নিয়ে এসেছেন এই হাসপাতালে।
জহুরা প্রথম আলোকে বলেন, তিনি তাঁর দেবর, চাচা শ্বশুরসহ বেশ কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে এসেছেন। স্বামীর লাশ হাতে না পেয়ে কষ্টে ছিলেন। কিন্তু পরে চিকিৎসকেরা তাঁকে বুঝিয়ে বলেছেন, তাঁরা লাশ আটকে রাখতে চান না। তাঁদের উদ্দেশ্য হচ্ছে, আসল স্বজনের কাছে লাশ হস্তান্তর করা। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার জন্য সময় লাগবে আরও মাস দুয়েক। সে সময় পর্যন্ত তাঁকে অপেক্ষা করতেই হবে।
গতকাল মঙ্গলবারও রানা প্লাজার কাছে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে নিখোঁজ স্বজনের খোঁজে এসেছিলেন ২০০ থেকে ৩০০ মানুষ। রানা প্লাজা ধসের ১৪ দিন পর বেশির ভাগ লাশই এমনভাবে বিকৃত হয়ে গেছে যে তা শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন আত্মীয়স্বজনেরাই। তবু ধ্বংসস্তূপ থেকে কোনো লাশ উদ্ধার হয়েছে শুনলেই ছুটে যাচ্ছেন তাঁরা। তবে সামান্যতম সন্দেহ থাকলে কর্তৃপক্ষলাশ হস্তান্তর করছে না; পাঠিয়ে দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে।
ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক সোহেল মাহমুদ জানান, গতকালও ১৭টি লাশ এসেছে। এগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে। এ নিয়ে লাশ এল ১১২টি। তাঁরা লাশের দাবিদারদের রক্ত ও অন্যান্য নমুনা রেখে দিচ্ছেন। নমুনা নিয়ে লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে। কবরের গায়ে থাকবে একটি নম্বর। ওই নম্বর দেওয়া হবে লাশের দাবিদারদের। ডিএনএ পরীক্ষায় যাঁর সঙ্গে মিল পাওয়া যাবে, তিনিই পাবেন স্বজনকে।
ঢাকার জেলা প্রশাসক ইউসুফ হারুন বলেন, একটি লাশের চারজন করে দাবিদারও আসছেন। এমন ঘটনাও ঘটেছে যে স্বজন ভেবে বাড়ি নিয়ে লাশ দাফন করে ফেলেছেন, পরে আসল স্বজন খুঁজে পেয়েছেন। এ অবস্থায় সরকার কবরে থাকা লাশের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জনদের। স্বজন খুঁজে পাওয়া গেলে এই লাশগুলো তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে এখনো বেশ কিছু লাশ রয়েছে। স্বজনের খোঁজে দূর-দূরান্ত থেকে প্রতিদিনই লোকজন আসছেন। মর্গের লোকজন তাঁদের লাশগুলো দেখাচ্ছেন।