মর্গের অকেজো যন্ত্র মেরামতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের মর্গসহ দেশে যেসব মর্গে ত্রুটিপূর্ণ বা অকেজো ফ্রিজার ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, সেগুলো মেরামত ও সচলে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের পরিচালক ও প্রধান প্রকৌশলীর প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের মর্গগুলোর বর্তমান অবস্থা এবং ত্রুটিপূর্ণ মর্গগুলো সচলে বিবাদীদের নেওয়া পদক্ষেপ জানিয়ে আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‘সরকারি চার মেডিকেলের দুটিতে মর্গ নেই’ শিরোনামে ২২ জুলাই প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এটিসহ আরেকটি দৈনিকে এ নিয়ে ১০ জুলাই প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান মিলন গতকাল রোববার রিটটি করেন, যার ওপর আজ সোমবার শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আমিনুল হক ও মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে রিট আবেদনকারী মাহফুজুর রহমান মিলন প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজের মর্গে ফ্রিজার ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র অকেজো থাকায় সংরক্ষিত লাশে পচন ধরেছে বলে খবরে এসেছে। এ কারণে গন্ধে মর্গ-সংশ্লিষ্ট শিক্ষক, মেডিকেল কর্মকর্তা ও শিক্ষার্থীদের ময়নাতদন্তসহ নিয়মিত স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে—এসব কারণে রিটটি করা হয়। হাইকোর্ট রুলসহ ঢাকা মেডিকেল কলেজসহ সারা দেশের হাসপাতালের মর্গের অকেজো ফ্রিজার ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র সচল, মেরামত বা পুনঃস্থাপনে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

রুলে ঢাকা মেডিকেল কলেজ মর্গের অকেজো ফ্রিজার ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র সচল বা মেরামতে বা পুনঃস্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিকল্পনাসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের পরিচালক, প্রধান প্রকৌশলীসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রথম আলোর ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর চারটি সরকারি মেডিকেল কলেজের মধ্যে দুটিতে এখনো মর্গ-সুবিধা নেই। এ কারণে বিভিন্ন এলাকা থেকে আসা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি এবং মেডিকেল শিক্ষার্থীদের ময়নাতদন্ত নিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়ার সব চাপ পড়ছে দুটি মেডিকেল কলেজের ওপর। এতে মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরিতে বিলম্বের পাশাপাশি শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে আরও বলা হয়, চারটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ। এর মধ্যে ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মর্গ-সুবিধা আছে। এই দুই কলেজের মর্গে রাজধানীর ৪৯টি থানা থেকে আসা লাশের ময়নাতদন্ত হয়। পাশাপাশি রাজধানী ও আশপাশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ময়নাতদন্ত-সংক্রান্ত হাতে-কলমে শিক্ষা নেন এই দুই মেডিকেল কলেজের মর্গে।