মর্গ্যান বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে প্রাণের উচ্ছ্বাস
পুত্রবধূকে সঙ্গে নিয়ে ৮৭ বছর বয়সী হেলেনা বেগম তাঁর প্রিয় বিদ্যাপীঠ নারায়ণগঞ্জের মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। স্কুল প্রাঙ্গণে ঢুকেই যেন ফিরে পেলেন হারানো সেই কৈশোর। কিন্তু স্কুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দীর্ঘ সময় ছুটোছুটি করেও খুঁজে পাননি কোনো সহপাঠীকে। কিন্তু তিনি দমে যাননি। তিনি বলেন, আগামীকালও (শনিবার) সারা দিন এই উৎসবে থাকব। তাঁর বিশ্বাস, কেউ হয়তো বেঁচে আছেন, অন্তত একজন হলেও। তাঁর সঙ্গে অবশ্যই দেখা হবে।বহুদিন পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে হেলেনা বেগমের মতোই প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার শুরু হয়েছে নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব।দেশ-বিদেশের দুই হাজার প্রাক্তন ছাত্রী আর বর্তমানের তিন হাজার ছাত্রী মেতে ওঠেন এই উৎসবে। উদ্বোধনী দিনে সকালে নতুন-পুরোনো ছাত্রীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, মর্গ্যান উচ্চবিদ্যালয় এই অঞ্চলের প্রথম নারী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯১০ সালে নারায়ণগঞ্জ পৌরসভার তৎকালীন প্রশাসক মর্গ্যান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে এ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অনন্য ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য এই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষিকা মমতাজ বেগমকে এ বছর সরকার একুশে পদক (মরণোত্তর) দিয়েছে। বর্তমান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনসহ অনেক কৃতী নারী এই স্কুলের ছাত্রী। গতকাল বিকেলে ছিল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মাইকে ঘোষণা করা হচ্ছে, এখন মঞ্চে আসছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। কিন্তু আইভী মঞ্চের দিকে এগোতে পারছেন না। তাঁকে ঘিরে রেখেছেন স্কুলজীবনের বান্ধবীরা। কেউ ছবি তুলছেন, কেউ জড়িয়ে ধরছেন আনন্দে। পুরোনো দিনের বন্ধুদের কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আইভী। তিনি এই স্কুলের ৮২ ব্যাচের ছাত্রী।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম মোজাম্মেল হক ও স্কুলের প্রাক্তন ছাত্রী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক মাহফুজা খানম। অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা আফতাব আরা বেগম ও স্কুলের প্রাক্তন ছাত্রী অগ্রণী ব্যাংকের প্রাক্তন উপমহাব্যবস্থাপক শাহিদা বেগম।