মর্টার শেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা বনবিটের আওতাধীন পানিছড়া পাহাড় থেকে গতকাল বুধবার বিশাল আকৃতির একটি ‘মর্টার শেল’ উদ্ধার করা হয়েছে। ‘মর্টার শেলটির’ চারপাশে বালুর বস্তা ফেলে পাহাড়া বসিয়েছে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, এটি ব্রিটিশ আমলের তৈরি মর্টার শেল। ১৯৪২-৪৩ সালে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে ব্রিটিশ ও জাপান সেনাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এ সময় এই মর্টার শেলটি পাহাড়ে পড়ে অবিস্ফোরিত থাকতে পারে। জনগণের নিরাপত্তার জন্য শেলটি বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। মর্টার শেলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মরিচাযুক্ত মর্টার শেলটি লম্বায় ৩২ ইঞ্চি। শেলের গোলাকৃতির বেড় ৩৩ ইঞ্চি। ওজন ১০০ কেজি। মর্টার শেলটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করছে। গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, মর্টার শেলটি পুলিশ পাহারা দিচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে লোকজন তা দেখছে। সবার মুখে একই কথা, এটি ব্রিটিশ আমলের মর্টার শেল।
স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার দুপুরে মাথাভাঙ্গা বনবিট কর্মকর্তা অহিদুল আলম ২১ জন শ্রমিক নিয়ে পানিছড়া পাহাড়ে সামাজিক বনায়নের গাছ রোপণ করতে যান। বিকেলের দিকে একজন শ্রমিক খুন্তি দিয়ে পাহাড়ের মাটি কাটার সময় ‘বোমা-বোমা’ বলে চিৎকার দিয়ে ওঠেন। তারপর অন্য শ্রমিকেরা জড়ো হয়ে পাহাড়ের আরও মাটি সরিয়ে মর্টার শেলটি আবিষ্কার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, ‘মর্টার শেলটির ব্যাপারে আমরা (পুলিশ) গতকাল বুধবার বিকেলে সেনাবাহিনীর কাছে চিঠি লিখেছি। তারা এসে মর্টাল শেলটি নিষ্ক্রিয় করবে। সেনাবাহিনী না আসা পর্যন্ত মর্টার শেলটি পুলিশের প্রহরায় থাকবে।’