মার্কিন জাতীয় মহাফেজখানা থেকে প্রথম আলো সংগ্রহ করেছে বায়ান্নর মার্কিন দলিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা এসব গোপন দলিলের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের আজ একাদশ কিস্তি
একুশে ফেব্রুয়ারির গুলিবর্ষণের ঘটনার পর পশ্চিম পাকিস্তানিদের একটি গোষ্ঠী বাঙালির জীবনে উর্দু চাপাতে ইংরেজি দৈনিক মর্নিং নিউজ-এর ওপর ভর করেছিল। পত্রিকাটি প্রকাশ্যে কেবল উর্দুকেই রাষ্ট্রভাষা করার পক্ষে তৎপরতা বজায় রেখেছিল।
১৯৫২ সালের ২৯ মার্চ ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো বার্তায় মার্কিন কনসাল জন ডব্লিউ বাউলিং ওই তথ্য উল্লেখ করেন। বাউলিং মন্তব্য করেন যে ‘উর্দু বাঙালির স্বতঃপ্রণোদিত দাবি’—এই স্লোগান নিয়ে পত্রিকাটি রীতিমতো উর্দু প্রচলনের পক্ষে নেতার ভূমিকায় অবতীর্ণ হয়।
মার্কিন কনসাল মর্নিং নিউজ-এর ওই ভূমিকার সমালোচনা করে বলেন, ‘পশ্চিম পাকিস্তানিদের মধ্যকার একটি হইচইকারী অথচ একটি অকার্যকর গোষ্ঠী মর্নিং নিউজের নেতৃত্বে উর্দু প্রচলনের সপক্ষে “স্বতঃস্ফূর্ত দাবি” তুলতে শুরু করেছে। এদের পেছনে আছে বিভিন্ন ধরনের সন্দেহজনক সংগঠন। স্পষ্টতই তাদের এই আন্দোলন সাধারণ জনগণের মধ্যে কোনো সাড়া সৃষ্টি করেনি। কিংবা প্রাদেশিক সরকারও তাদের সমর্থন দিচ্ছে না। অবশ্য কেন্দ্রীয় সরকারের কতিপয় কর্মকর্তা এর সঙ্গে সম্পৃক্ত বলে প্রতীয়মান হয়।’
জন বাউলিং আরও উল্লেখ করেন যে পাকিস্তান অবজারভার পত্রিকার সাবেক সম্পাদক আবদুস সালামকে মর্নিং নিউজ প্ল্যান্টে অগ্নিসংযোগের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি জামিনে মুক্তি পান। অবজারভার পত্রিকার আরও অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এটা বোধগম্য যে এই গ্রেপ্তার এবং অভিযোগ আনা হয়েছে খাজা নুরুদ্দিনের নির্দেশে। তিনি মর্নিং নিউজ পত্রিকার মালিক। কর্মকর্তারা ঘরোয়াভাবে উল্লেখ করেন যে অভিযুক্ত ব্যক্তিদের দোষের বিষয়ে সামান্য সন্দেহ রয়েছে। কিন্তু আদালতে তাঁদের দোষী সাব্যস্ত করার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ নেই।
আমেরিকান কনসাল বাউলিং তাঁর ওই বার্তায় আরও বলেন, প্রাদেশিক অ্যাসেম্বলিতে বাজেট প্রণয়ন এবং ফেব্রুয়ারির দাঙ্গাকে (ভাষা আন্দোলন) কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা প্রশমিত হয়েছে। মার্চের শেষ সপ্তাহে প্রদেশের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হতে শুরু করেছে। ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত কড়া পুলিশি প্রহরায় প্রাদেশিক লেজিসলেটিভ অ্যাসেম্বলির অধিবেশন বসে। ২৮ মার্চ রাতে অধিবেশনের মুলতবি ঘটে। এ অধিবেশন সফলভাবে পরিচালনা করতে পেরে মুখ্যমন্ত্রী তাঁর মর্যাদা উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হন। অ্যাসেম্বলির ফ্লোরে একাধিকবার ফেব্রুয়ারির দাঙ্গার বিষয় ওঠে। মুখ্যমন্ত্রী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর যথার্থতা প্রমাণ করতে তাঁর আগের ব্যবহূত যুক্তিগুলোই পুনর্ব্যক্ত করেন। তিনি অ্যাসেম্বলির ফ্লোরে কলকাতা থেকে প্রকাশিত কমিউনিস্ট সংবাদপত্রের উদ্ধৃতি দেন এবং বলেন, কমিউনিস্ট পার্টি ভাষা আন্দোলনের সাফল্য তাদেরই বলে দাবি করেছে।
ওই প্রতিবেদনমতে, অ্যাসেম্বলিতে তখন ভিন্নমতাবলম্বী মুসলিম গ্রুপের সদস্যের সংখ্যা ছিল সাকল্যে ১৩। কিন্তু গ্রেপ্তার ও অনুপস্থিতিজনিত কারণে তাঁদের সংখ্যা দাঁড়িয়েছিল ৫-এ। তাঁরা নিজেদের ‘আওয়ামী ব্লক’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ফেব্রুয়ারির দাঙ্গাকালীন উত্তেজনার মুহূর্তে বেশির ভাগ এমএলএ, যাঁরা মুসলিম লীগ থেকে কিংবা অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করেছিলেন, আবার নিজ নিজ জায়গায় ফিরে এসেছেন। স্বাভাবিকভাবে ভোট দিয়েছেন।
একটি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, খাজা নুরুদ্দিন ১৯৪২ সালে ভারতে প্রথম মুসলিম সান্ধ্য ইংরেজি দৈনিক স্টার অব ইন্ডিয়া প্রকাশ করেন। ১৯৪৮ সালে তিনি ঢাকায় বের করেন মর্নিং নিউজ। ১৯৫৩ সালে পত্রিকাটি করাচি থেকেও একসঙ্গে বের হয়। ১৯৩৬-১৯৪৫ সালে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সম্পাদক ছিলেন। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার তাঁকে ‘হিলাল-ই-খিদমত’ খেতাবে ভূষিত করে।