মর্মন্তুদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের কোলে ছিল শিশুটি। গর্ভধারিণীর উষ্ণ আদরে উম নিচ্ছিল সে। আদরে আদরে শিশুটির প্রাণ ভরে দিচ্ছিলেন মা। হঠাৎ কোল থেকে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে গেলেন বাবা। ওপরে তুলে মারলেন আছাড়। দুবারের আছাড়ে মুহূর্তেই থেমে গেল তিন মাসের শিশুটির প্রাণস্পন্দন। মর্মন্তুদ এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার, কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচকিত্তা গ্রামে। ঘটনার পর থেকে পাষণ্ড বাবা পলাতক।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্তানের চিকিৎসা ও দুধ কেনার জন্য বড় ভাইয়ের কাছে টাকা না পেয়ে শিশুটির বাবা এ মর্মন্তুদ ঘটনা ঘটান। শিশুটির মা জানান, ১৪ মাস আগে বুড়িচংয়ের পাঁচকিত্তা গ্রামের আলী আজমের (৩২) সঙ্গে একই উপজেলার ডুবাইচর গ্রামের সুমি আক্তারের বিয়ে হয়। তিন মাস আগে তাঁদের একটি পুত্রসন্তান হয়। নাম রাখা হয় সিফাত হাসান। আলী আজম তাঁর মা রেজিয়া বেগম ও ভাই জহিরুল ইসলামের সঙ্গে যৌথ পরিবারে থাকেন। বিয়ের আগে আলী আজম ছিলেন বিদেশে। দেশে আসার পর থেকে তাঁর আর্থিক সংকট দেখা দেয়। অবস্থা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যে সন্তানের চিকিৎসা ও দুধ কেনার টাকাও তাঁর কাছে ছিল না। এ অবস্থায় বড় ভাইয়ের কাছে আর্থিক সাহায্য চেয়েও পাননি আজম। এ নিয়ে গতকাল সকালে বড় ভাইয়ের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে তিনি রাগের মাথায় স্ত্রীর কোল থেকে একমাত্র সন্তানকে টেনে নিয়ে আছাড় দেন। প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে কুমিল্লা শহরের ইস্টার্ন মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে তাঁর স্বামী, ভাশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেছেন।