সাভারে ভবন ধসে মৃতের সংখ্যা তিন শ ছাড়িয়ে গেছে। মর্মান্তিক এ ঘটনার খবর বিশ্বের গণমাধ্যমে এখনো ফলাও করে প্রচার করা হচ্ছে। উদ্ধার তৎপরতা এবং মানুষের নিদারুণ হাহাকারের বর্ণনা দেওয়া হচ্ছে মর্মস্পর্শী ভাষায়।একই সঙ্গে বাংলাদেশের সস্তা শ্রমবাজার থেকে কাজ করাতে গিয়ে এখানকার শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি যে পশ্চিমা কোম্পানিগুলো নজরে নিচ্ছে না, সে কথাও বলা হচ্ছে বারবার। এ বিষয়টিতে ওইসব কোম্পানির ওপর চাপও সৃষ্টি করা হচ্ছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। কোনো কোনো কোম্পানি বাংলাদেশ থেকে কাজ করায় তার বিবরণও তুলে ধরা হচ্ছে। পাঠকদের দেখানো হচ্ছে, এত সস্তায় পণ্য তাঁরা কীভাবে পাচ্ছেন।যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা গতকাল শুক্রবার লিখেছে, ঘটনাস্থলে এক চরম বিশৃঙ্খল অবস্থা। ইলেকট্রিক ড্রিল মেশিনের পাশাপাশি খন্তা, শাবল ও খালি হাতে কংক্রিটের স্তূপ সরিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবী। আর ধ্বংসস্তূপ থেকে দূরে দাঁড়িয়ে আছে হাজার হাজার পোশাককর্মী ও সাধারণ মানুষ। অনেকে সারি বেঁধে হাতে হাতে উদ্ধারকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন পানির বোতল ও টর্চলাইট। অন্যদের চোখে-মুখে উদ্বেগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ।যুক্তরাষ্ট্রের সিএনএন একটি প্রতিবেদনের শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশে কারখানায় ধস: আমাদের এত সস্তা পোশাকের মূল্য আসলে কারা দিচ্ছে?’ এতে বলা হয়, পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অল্প সময়ের মধ্যে গড়ে উঠেছে শত শত কারখানা। বেশির ভাগ ক্ষেত্রে কারখানা তৈরির নিয়মনীতি মানা হচ্ছে না। বিভিন্ন বেসরকারি সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, পশ্চিমের বেশির ভাগ পোশাক কোম্পানি এশিয়ার সরবরাহকারীদের চাপ দিয়ে কম দামে পোশাক আমদানি করছে। এতে করে তারা কারখানার নিরাপত্তার বিষয়টিতে নজর দিচ্ছে না। ফলে বাংলাদেশের সর্বশেষ বিপর্যয়ের মতো ঘটনা ঘটছে।বিবিসি জানিয়েছে, লন্ডনের ক্রেতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা যে পোশাক পরেন, তা কোথায় তৈরি হয় তাঁরা কি জানেন? বাংলাদেশে ভবন ধসে হতাহতের খবর কি তাঁরা শুনেছেন? তৈরি পোশাকের একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসে। সেখানকার সস্তা শ্রমের সুবিধা নিয়ে লাভবান হচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো।নিউইয়র্ক টাইমস-এর গত বৃহস্পতিবারের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় চাপ অনুভব করছে পশ্চিমা ফার্মগুলো’। উদ্ধার তৎপরতার খবর দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা কোম্পানিগুলোর ওপর চাপ বাড়ছে।