মর্মান্তিক!
সব প্রস্তুতি সম্পন্ন, সন্ধ্যায় দোকানের উদ্বোধন। ব্যবসায়ী মো. আবুল কালাম কয়েক দিন আগেই বিভিন্নজনকে দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন। গত শুক্রবার জুমার নামাজের পরে বাড়িতে মিলাদ মাহফিল শেষ হয়েছে। বিকেলে দোকানে আসেন উদ্বোধনী অনুষ্ঠান শেষ করতে। দোকানে ঢুকে ঝাড়ু নিয়ে নিজ হাতে পানি ঢেলে মেঝে পরিষ্কার করতে থাকেন। ঠিক সেই মুহূর্তেই চারদিক অন্ধকার হয়ে প্রবল বর্ষণ শুরু হয়। আলো জ্বালাতে ভেজা হাতেই সুইচ টিপতে যান কালাম। কিন্তু অন্ধকারে সুইচের পরিবর্তে হাত পড়ে বৈদ্যুতিক সকেটের গায়ে। কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুতায়িত হয়ে তিনি আটকে যান সুইচ বোর্ডের সঙ্গে। তাঁর আর্তচিৎকারে পাশে থাকা কাচমিস্ত্রি ছুটে গিয়ে কাঠের টুল দিয়ে হাতে আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। আশপাশের ব্যবসায়ীরা এসে দ্রুত কালামকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেল চারটায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার এলাকার নিউমার্কেট মোড়ে নবনির্মিত শাহাদত-ফাতেমা মার্কেটে। ব্যবসায়ী আবুল কালাম (৩২) জেলা শহরের কসবা কাঠগড় মহল্লার শহিদুর রহমানের ছেলে। কালামের প্রতিবেশী ব্যবসায়ী সোহান মিয়া বলেন, অনেক স্বপ্ন নিয়ে চার লাখ টাকা জামানত দিয়ে কালাম ওই মার্কেটের একটি কক্ষ ভাড়া নিয়ে প্রসাধনসামগ্রীর দোকানটি সাজান। গত শুক্রবার সন্ধ্যায় এটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হলো।