মর্মান্তিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবজাতক সন্তানের লাশ নিয়ে ফিরছিলেন শিপন-সোনিয়া দম্পতি ও তাঁদের স্বজনেরা। পথে তেলবাহী লরি তাঁদের অটোরিকশাটিকে ধাক্কা দিলে যাত্রীদের নিয়ে পানিতে পড়ে যায় যানটি। এতে থাকা শিপনের বোন আট বছরের সুরাইয়া মারা যায়। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন ডেমরা রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিপন মিয়াসহ (২৫) পাঁচজন আহত হয়েছেন। অন্য আহত ব্যক্তিরা হলেন শিপন মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার (২২), শিপনের বাবা হোসেন মিয়া (৫০), মা সেলিনা আক্তার (৪০) ও সোনিয়ার মা রিনা আক্তার (৪৫)। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরে একাধিক আঘাত রয়েছে। পানিও ঢুকেছে পেটে। আর দুটি শিশুর লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
শিপন মিয়ার ভাই রিপন মিয়া বলেন, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। সেখানে তিন দিন আগে একটি পুত্রসন্তানের জন্ম দেন সোনিয়া। শিশুটির ঠান্ডাজনিত জটিলতা দেখা দিলে গতকাল সকালে তাকে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। আনার কয়েক ঘণ্টা পরে শিশুটি মারা যায়। এরপর তাঁরা হাসপাতাল থেকে রামপুরার এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল। সন্ধ্যা ছয়টার দিকে নবজাতকের লাশ নিয়ে একটি শিশুসহ পাঁচজন পূর্ণবয়স্ক মানুষ ওই অটোরিকশায় করে রওনা দেন। ডেমরা রোডের বাঁশপট্টি নাগদা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কেরোসিন তেলভর্তি লরি পাশ থেকে তিন চাকার যানটিকে ধাক্কা দেয়। এতে যানটি পানিতে পড়ে যায়। লরিটিও রাস্তার ওপর উল্টে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকেরা সুরাইয়াকে মৃত ঘোষণা করেন। দুটি শিশুর লাশই জরুরি বিভাগের মর্গে রয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া বলেন, শিপন দম্পতির শিশুসন্তানটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল। চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে ঢাকায় এসেছিলেন তাঁরা। গতকাল শিশুটি মারা গেলে লাশ নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।