মর্মান্তিক!
বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত মেলা দেখতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন নৃপেন বালা। বিলের মাঝে যেতেই পড়লেন ঝড়ের কবলে। দুলতে দুলতে একপর্যায়ে ডুবে গেল নৌকাটি।
মাত্র নয় মাস বয়সী ছেলে বাঁধনকে নিয়ে কোনোমতে সাঁতরে পাড়ে উঠতে পারলেন নৃপেন। অন্যদিকে বিলের পানিতে তলিয়ে গেলেন স্ত্রী বীথি বালা (৩২) আর দুই মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালা (৫)।
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মঠবাড়ী বিলে। পেশায় কৃষক নৃপেন বালা উপজেলার উজানী ইউনিয়নের বরমপাল্টা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ওই এলাকার বহুগ্রামে আজ শনিবার মেলা বসার কথা। বহুগ্রামের পাশেই তেতুলভিটিয়া গ্রামে নৃপেনের শ্বশুরবাড়ি। আজকের মেলায় যাওয়ার জন্য সপরিবারে তিনি গতকাল বিকেলেই রওনা দেন শ্বশুরবাড়ির উদ্দেশে।
উজনী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সদস্য খোকন বালা বলেন, ‘নৃপেন বালা আর ছেলেটা বাঁচলেও নৌকাডুবিতে মারা গেছেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। পরে এলাকাবাসী সন্ধ্যার দিকে ওই বিল থেকে লাশ তিনটি উদ্ধার করে।’
আজ শনিবার সকাল ১০টার দিকে নলডাঙ্গা শ্মশানঘাটে মা ও দুই মেয়েকে দাহ করা হয় বলেও জানান খোকন বালা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।