মর্মান্তিক!
টাঙ্গাইলের সখীপুরে গলার শ্বাসনালিতে বেলুন আটকে গিয়ে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার প্রত্যন্ত গ্রাম ইছাদিঘীতে এ ঘটনা। শিশুটির নাম হুসেন আলী। বাবার নাম বিল্লাল মিয়া।
উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ওই গ্রামের বাসিন্দা শামসুল আলম বলেন, শিশুটি দুপুরবেলা বাড়িতে একটি বেলুন নিয়ে ফুঁ দিয়ে ফুলিয়ে খেলা করছিল। ফুলাতে গিয়ে একপর্যায়ে বেলুনটি গলায় আটকে যায়। শিশুটি অচেতন হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ইয়াসিন উল্লাহ প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। ধারণা করা হচ্ছে, শ্বাসনালিতে বেলুন বা অন্য কিছু আটকে যাওয়ার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, এমন ঘটনা শুনিনি। পারিবারিক বিষয় বলে হয়তো পুলিশকে জানানো হয়নি।