মর্মান্তিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে করে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিতে যাচ্ছিল ছেলেটি। জানালা দিয়ে মাথা বের করে রেখেছিল। আচমকা একটি ল্যাম্পপোস্টে মাথায় বাড়ি লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ছেলেটিকে। তার নাম সাকিবুল ইসলাম।

সাকিবুলের বাবা জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। বাসা রাজধানীর দক্ষিণ বাড্ডায়।

হাসপাতালে সাকিবুলের এলাকার দুই বন্ধু জানান, সাকিব বনানী বিদ্যা নিকেতনের ছাত্র ছিল। উত্তরায় রমিজউদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে সে পরীক্ষা দিতে যাচ্ছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাকিবুলের মাথায় গুরুতর আঘাত ছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী সাকিবুলকে হাসপাতালে নিয়ে যান। সেখানকার পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিবুলের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।