মর্মান্তিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারালো বঁটি দিয়ে মাছ কাটছিলেন দাদি। পাশে খেলা করছিল তিন বছর বয়সী শিশু। খেলতে খেলতেই হঠাৎ করে ওই ধারালো বঁটির ওপর পড়ে যায় শিশুটি। দাদির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি শিশুটিকে।

আজ শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম মুসা। সে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম জানান, দুপুর ১২টার দিকে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামের মা অইচন বেগম বঁটিতে মাছ কাটছিলেন। এ সময় পাশেই খেলা করছিল নাতি মুসা। হঠাৎ সে খেলা ছেড়ে ওই ধারালো বঁটির ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিতে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু মুসার মৃত্যুর ঘটনাটি সত্যিই মর্মান্তিক।