মর্যাদা না পেয়ে কর্মশালা বর্জন চেয়ারম্যানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উপজেলা ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনয়নে করণীয়’ শীর্ষক কর্মশালা বর্জন করেছেন রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যানরা। তাঁদের সঙ্গে অপমানজনক আচরণের প্রতিবাদে কর্মশালা বর্জন করেছেন বলে জানিয়েছেন তাঁরা।গতকাল শনিবার রাঙামাটি শিল্পকলা একাডেমীতে আয়োজিত কর্মশালায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইমাম সমিতি ও কাজী সমিতির প্রতিনিধিদের এতে অংশগ্রহণের কথা ছিল। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড সার্ভিসেস প্রোগ্রামের তত্ত্বাবধানে কর্মশালাটির আয়োজন করা হয়।রাঙামাটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অভিযোগ করেন, তাঁরা পরিবার পরিকল্পনা ফিল্ড সার্ভিস ডেলিভারি প্রোগ্রামের উপজেলা পর্যায়ের সভাপতি এবং ইউএনও সদস্যসচিব। অথচ কর্মশালায় ইউএনওদের মর্যাদা দেওয়া হলেও চেয়ারম্যানদের মর্যাদা দেওয়া হয়নি। এমনকি নাশতা বিতরণের ক্ষেত্রে ইউএনওসহ সরকারি কর্মকর্তাদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের দেওয়া হয়নি।জেলা প্রশাসক মো. নুরুল আলম চৌধুরী জানান, চেয়ারম্যানরা সাধারণ অংশগ্রহণকারী ছিলেন। তাই তাঁদের আসনও করা হয়েছে সাধারণ অংশগ্রহণকারীদের সঙ্গে।