
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, সমাবেশ, মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার প্রতিপাদ্য ছিল ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা; বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’।
সিলেটে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তার। বক্তারা বলেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। অনেক ক্ষেত্রেই নারীরা এগিয়ে যাচ্ছেন। তবে কোনো কোনো অঞ্চলের নারীরা পিছিয়ে পড়ছেন। বিশেষত গ্রামাঞ্চলের নারীদের এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ প্রয়োজন।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি পৌর মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। এতে বক্তব্য দেন পৌরসচিব এম আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসাইন খান, কাউন্সিলর ফয়সল আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, শিউলি বেগম ও শ্যামলী পুরকায়স্থ। এ ছাড়া গতকাল সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান।
কমলগঞ্জে শমশেরনগর চা-বাগানের নারী চা-শ্রমিকদের অংশগ্রহণে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নারী নেত্রী ও সাবেক ইউপি সদস্য মেরী রাল্ফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান।
সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ। বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে কিশোরীদের প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে কেয়ার বাংলাদেশ।
ধরমপাশায় উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষেদর চেয়ারম্যান আবদুল মোতালিব খান। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার ও সাবিকুন্নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা পরিষদের আয়োজনে বেলা ১১টার দিকে শোভাযাত্রা বের করা হয়। পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলামের নেতৃত্বে ইউএনও মোহাম্মদ শওকত ওসমান, পৌরসভার মেয়র খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব প্রমুখ অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল মেলার আয়োজন করে নারী উন্নয়ন ফোরাম। মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ভূঁইয়া। এর আগে সকালে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন ইউএনও আক্তার উন নেছা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, থানার ওসি আলী আরশাদ প্রমুখ।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সুনামগঞ্জ অফিস এবং সিলেট, মৌলভীবাজার, কমলগঞ্জ, সুনামগঞ্জ, ধরমপাশা, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ও সরাইল প্রতিনিধি}