মর্যাদা প্রদর্শনের সংস্কৃতি চর্চার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে জাতীয় জীবনের সব ক্ষেত্রে মর্যাদার সংস্কৃতি চর্চার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ডিগনিটি ফর অল: বাংলাদেশ অ্যাজ এ মডেল ফর দি গ্লোবাল কমিউনিটি’ শীর্ষক সেমিনারে ভাষণকালে এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘সমাজে সুশাসন নিশ্চিত করাসহ গণতন্ত্র বিকাশে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করতে হবে।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সিভিক বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কিন লেখক রবার্ট ডব্লিউ ফুলার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ ছাড়া সিভিক বাংলাদেশের নির্বাহী পরিচালক বায়েজিদ দৌলা ও অ্যাক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান মইনুদ্দীন মিয়াজীও বক্তৃতা করেন।রাষ্ট্রপতি বলেন, ‘আবহমানকাল থেকে বাংলাদেশে গুরুজনদের শ্রদ্ধা করার রীতি প্রচলিত। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা এর প্রতিফলন দেখতে পাই। সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, গুরুজন, শিক্ষকমণ্ডলী ও নারী সমাজের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ তা অনেক দেশে নেই।’ তিনি বলেন, ‘এ ঐতিহ্য নিয়ে আমরা গর্ব করতে পারি, অন্যের উদাহরণ হিসেবে প্রতিভাত হতে পারি।’স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আহ্বানরাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) উপাচার্য কারমেন জেড লামাগানার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে অবহিত করেন, এআইইউবির স্থায়ী ক্যাম্পাসের জন্য ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে প্রায় ছয় একর জমি কেনা হয়েছে।