খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন আওয়ামী লীগের জন্য মর্যাদার লড়াই। খাগড়াছড়ি পৌরসভার বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন। অন্যদিকে মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র বিএনপির নেতা।
খাগড়াছড়ি পৌরসভার বর্তমান মেয়র মো. রফিকুল আলম এবারও নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি বলেন, ‘আমি আগেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছি। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।’
আঞ্চলিক দল ইউনাইটেডে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা আইনজীবী সমারী চাকমাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন বলে প্রথম আলোকে বলেছেন।
খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে মনোনয়ন-প্রত্যাশী হিসেবে আওয়ামী লীগ থেকে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলমের নাম শোনা যাচ্ছে। মাটিরাঙ্গা পৌরসভার মনোনয়ন-প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম ও পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ ফরাজী, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম বলেন, ‘সদর পৌরসভায় মেয়র পদে কোনো মনোনয়ন-প্রত্যাশী আমাদের কাছে আসেননি। তবে মাটিরাঙ্গায় বেশ কয়েকজন মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (আজ) সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসে মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত করব।’
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র মো. আবু ইউসুফ চৌধুরী বলেন, দুই পৌরসভায় নির্বাচনে অংশ নিতে তাঁদের প্রস্তুতি রয়েছে। তবে কেন্দ্রের নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে না। তিনি এবারও মাটিরাঙ্গা পৌরসভার মেয়রের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়পত্র নিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনোনয়ন নিয়ে রেখেছি। দল যদি মনোনয়ন দেয় তাহলে নির্বাচন করব।’
আর খাগড়াছড়ি পৌরসভায় বিএনপির মেয়র পদে মনোনয়ন-প্রত্যাশীরা হলেন জেলা বিএনপির আইন-বিষয়ক সম্পাদক মো. মালেক মিন্টু, সদস্য অনিমেষ চাকমা রিংকু ও যুব-বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী।
এদিকে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে। নিবন্ধন না থাকায় স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রার্থী। দলের দুই জ্যেষ্ঠ নেতা সমারী চাকমা ও দীপায়ন চাকমা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।