মর্যাদা বাড়ল প্রধান শিক্ষকের, বেতন সহকারী শিক্ষকদের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মর্যাদা তৃতীয় শ্রেণী থেকে একধাপ উন্নীত করে দ্বিতীয় শ্রেণী করার পাশাপাশি সহকারী শিক্ষকদেরও বেতন স্কেল বাড়ানো হয়েছে।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির ঘোষণা দেন। এর পর প্রধান শিক্ষকদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নতুন এ সিদ্ধান্তের ফলে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের (গ্রেড-১১) মূল স্কেলের বেতন হবে ছয় হাজার ৪০০ টাকা এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের (গ্রেড-১২) মূল বেতন স্কেল হবে পাঁচ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে সহকারী শিক্ষকদের মূল বেতন স্কেল হবে প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে পাঁচ হাজার ২০০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের চার হাজার ৯০০ টাকা।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ থেকেই এ বেতন স্কেল কার্যকর হবে।
আগের ৩৭ হাজার ৬৭২টি সরকারি বিদ্যালয়ের পাশাপাশি নতুন সরকারি হওয়া প্রায় ২৩ হাজার বিদ্যালয়ের শিক্ষকেরা এই সুবিধা পাবেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন
‘শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল’ স্লোগানে আজ থেকে শুরু হওয়া শিক্ষা সপ্তাহ ১৫ মার্চ পর্যন্ত চলবে। এই সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে চাই। সেই সোনার ছেলে গড়ার কারিগর শিক্ষকেরা। সত্যিকার অর্থে সোনার ছেলেদের হাতেই আমরা ভবিষ্যত্ দেশের দায়িত্ব দিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের ভালো-মন্দ শেখানোর পবিত্র দায়িত্ব আপনাদের।’
প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা গতবার স্কুল-কলেজে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করেছি। এবারের লক্ষ্য প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করা। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব বই ই-বুকে রূপান্তর করছি। তাদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ, কম্পিউটার থাকুক।’
ভবিষ্যতে ছেলেদেরও উপবৃত্তি দেওয়া হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ছাত্রীরা উপবৃত্তি পায়। ভবিষ্যতে ছেলেদেরও উপবৃত্তি দেওয়া হবে। ডিগ্রি পর্যন্ত যাতে ছেলেমেয়েরা বিনা বেতনে পড়তে পারে, সে ব্যবস্থা করবে এই সরকার।
পরে প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সহ-শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।