মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতির সংক্ষিপ্ত তালিকায় মেরিনা
>

• দ্বিবার্ষিক এই পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার পাউন্ড।
• শৈল্পিক সৌকর্যময় নকশার মসজিদের জন্য মনোনয়ন পেয়েছেন মেরিনা।
• সুলতানি আমলের স্থাপত্যের আদলে মসজিদটি ২০১২ সালে ঢাকায় নির্মিত।
ইসলামিক ঐতিহ্যের অনুপ্রেরণায় সৃষ্ট সমকালীন শিল্প ও নকশার জন্য দেওয়া এ পুরস্কার ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট জাদুঘরের সঙ্গে যৌথভাবে ২০০৯ সালে থেকে প্রবর্তন করে ব্রিটিশ সংস্থা আর্ট জামিল। দ্বিবার্ষিক এ পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার পাউন্ড। এত দিন শিল্পকলা ও ফ্যাশন ডিজাইনের জন্য দেওয়া হলেও এবারই প্রথম এতে যুক্ত হয়েছে স্থাপত্যকলা।
ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামে একটি শৈল্পিক সৌকর্যময় নকশার মসজিদের জন্য স্থপতি হিসেবে প্রথমবারই এ শাখায় মনোনয়ন পেলেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। এর আগে একই নকশার জন্য ২০১৬ সালে তিনি সম্মানজনক আগা খান পুরস্কার পান। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশাকৃত এ মসজিদ ২০১২ সালে ঢাকায় নির্মিত হয়।
জামিল প্রাইজের জন্য মনোনীতদের কাজগুলো ২৪ জুন থেকে ২৫ নভেম্বর প্রদর্শিত হবে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট জাদুঘরে।
মেরিনা তাবাসসুম বলেন, ‘চারুকলা ও ফ্যাশনের জন্য দেওয়া এ পুরস্কারে এবার স্থাপত্যকলাকে যুক্ত করায় সারা বিশ্ব বিস্মিত হয়েছে। একটি স্থাপত্য প্রকল্পকে শিল্পকলার বিভাগে পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আমার জন্য একটা বড় ব্যাপার।’ বাংলাদেশের খ্যাতিমান স্থপতি শামসুল ওয়ারেস এ প্রসঙ্গে বলেন, ‘স্থাপত্য যখন খুব উন্নত মানের হয়, তখন সেটি শিল্পে পরিণত হয়। মেরিনার কাজটিকে আমি শিল্পকর্মই বলব।’