শিক্ষা, বাসস্থান, চাকরিসহ মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা চেয়েছেন চট্টগ্রামে বাস করা হিজড়ারা। তাঁদের সমস্যার দিকে নজর দিতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বাস করা হিজড়াদের কর্মসংস্থানের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এই আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, এস এম তৈয়ব, সিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, দেবদাস ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
সিএমপি আয়োজিত এই সভায় বিভিন্ন নগরের বিভিন্ন পোশাক কারখানায় তাঁদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকায় সরকারি চাকরির প্রতি নিজেদের আগ্রহের কথা বলেছেন হিজড়ারা।
সভায় সূর্যের আলো হিজড়া সংগঠনের সভাপতি ফাল্গুনী বলেন, ‘আমাদের বেশির ভাগেরই শিক্ষা নেই। কেউ আমাদের বাড়িভাড়া দিতে চায় না, ব্যাংকেও আমরা হিসাব খুলতে পারি না। আমরাও মানুষের মতো বাঁচতে চাই।’ তিনি বলেন, কিছু হিজড়াকে চাকরি দিলে সমস্যার সমাধান হবে না, বরং বাকি যাঁরা থাকবেন তাঁদের অর্থ সংগ্রহে সমস্যা হবে। মানুষ তখন এঁদের সাহায্য করতে রাজি হবে না।
কর্ণফুলী হিজড়া সংঘের সভাপতি পায়েল বলেন, ‘আমরাও নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু গার্মেন্টস নয়, আমাদের দাবি সরকারি চাকরি। সরকারের যদি আমাদের নিয়ে উদ্বেগ থাকে, তাহলে আমাদের প্রত্যেকের জন্য চাকরির ব্যবস্থা করুক।’
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল বলেন, হিজড়া সম্প্রদায় বাঁচার তাগিদে বিভিন্ন প্রতিষ্ঠানে, দোকানে, রাস্তায় সাহায্য চাইতে যান। কিন্তু অনেক সময় সেটি তিক্ততার দিকে মোড় নেয়। মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়ের কিছু অভিযোগও পুলিশের কাছে এসেছে।
পুলিশ কমিশনার বলেন, চট্টগ্রামে বাস করা ২৯১ জন হিজড়ার তালিকা পুলিশের কাছে রয়েছে। সবার চাকরির বিষয়ে ব্যবসায়ী সম্প্রদায়, বিশেষ করে পোশাক কারখানার মালিকদের সঙ্গে তিনি আলাপ করেছেন। তাঁরাও হিজড়াদের পোশাক কারখানায় চাকরি দিতে সম্মত হয়েছেন। এখন আপনারা (হিজড়ারা) একমত হলেই চাকরির ব্যবস্থা করা হবে।
তবে সভায় হিজড়ারা জানান, চট্টগ্রামে প্রায় ৪০০ হিজড়া রয়েছেন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, চাকরির বিষয়ে হিজড়াদের ইতিবাচক হতে হবে। আপনারা এ সমাজের অংশ, অন্যায় না করলে আপনাদের চাকরি যাবে না। আপনাদের শিক্ষার ভারও নেওয়া হবে।