মর্যাদাপূর্ণ পদক পেলেন স্যার ফজলে হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলে হাসান আবেদ
ফজলে হাসান আবেদ

বিশ্বব্যাপী দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যোন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ’ পেয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ডায়রিয়ার চিকিৎসায় বিজ্ঞানসম্মত প্রতিরোধব্যবস্থার প্রসারে ভূমিকা রাখায় তাঁকে এই পদক দেওয়া হলো।
টমাস ফ্রান্সিস জুনিয়র ছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ, যাঁর তত্ত্বাবধানে চিকিৎসক জোনাস স্যাল্ক পোলিও টিকা আবিষ্কারে অবদান রাখেন। টমাস ফ্রান্সিসের সম্মানে জরুরি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখা বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়।
মিশিগান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মার্ক শ্লিসেল গত বুধবার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে স্যার ফজলে হাসান আবেদের হাতে এ পদক তুলে দেন। এ সময় স্যার ফজলে হাসান বলেন, ‘টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে নতুন ও কার্যকর কলাকৌশলের অভাব নয়, বরং এর কার্যকারিতা, ফলপ্রসূতা ও বিস্তারের ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি।’
উল্লেখ্য, ১৯৭০ সালে ব্র্যাক বাংলাদেশে ডায়রিয়াজনিত রোগের চিকিৎসার এক নতুন ধারা প্রবর্তন করে। ওরাল রিহাইড্রেশন থেরাপির মাধ্যমে প্রতিষ্ঠানটি ১২ মিলিয়ন মাকে খাবার স্যালাইন বানানো শেখায়। এটি দেশে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। বিজ্ঞপ্তি।