মর্যাদাহানি নয়, ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রতিহত করাই উদ্দেশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, তাদের ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনের উদ্দেশ্য জাতীয় সংসদের অবমাননা বা মর্যাদাহানি নয়, বরং সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আশঙ্কা প্রতিহত করার মতো পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করা।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এ কথা বলেছে। বিজ্ঞপ্তিতে পার্লামেন্ট ওয়াচ গবেষণা প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে টিআইবি তার অবস্থান ব্যাখ্যা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটির অন্য সব গবেষণা, প্রচারণা, জনসম্পৃক্ততা ও অ্যাডভোকেসি কার্যক্রমের মতো ‘পার্লামেন্ট ওয়াচ’ একটি কার্যক্রম, যা ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ থেকে শুরু করে এখনো চলছে। এ কার্যক্রমের উদ্দেশ্য সংসদীয় গণতন্ত্র চর্চা, জনগণের কার্যকর প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন ও সংস্কার এবং জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করার জন্য তথ্য ও গবেষণানির্ভর বিশ্লেষণ। এটি জাতীয় সংসদের সহায়ক ভূমিকা পালন করে, জনসচেতনতা ও সংসদের কার্যকারিতা বৃদ্ধি করে। সংবিধান ও আইনসম্মতভাবে বিশ্বজুড়ে বিভিন্ন নাগরিক সংগঠন যেভাবে আইনসভার পরিবীক্ষণ চর্চা করে, সেই অধিকার ও দায়িত্ব পালনের বাইরে অন্য কোনো উদ্দেশ্য টিআইবির নেই।
গত ২৫ অক্টোবর টিআইবি ‘পার্লামেন্ট ওয়াচ: দশম জাতীয় সংসদ-দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশন (জুন ২০১৪-জুলাই ২০১৫)’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এটি প্রকাশের সময় সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের দুটি মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়। এ মন্তব্য দুটির বিষয়ে টিআইবি বিজ্ঞপ্তিতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদে বিরোধী দলের ভূমিকা পুতুলনাচের নাট্যশালার মতো মনে হতে পারে—এ মন্তব্যের সারমর্ম হচ্ছে, দশম সংসদ গঠনের পর থেকে যে দলটি প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত, সে দলটি একদিকে সরকারের মন্ত্রিসভার অংশ, অন্যদিকে দলটির শীর্ষ নেতা প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এমন দ্বিমুখী অবস্থানের কারণে দলটি শুরু থেকে আত্মপরিচয়ের সংকটে রয়েছে এবং তা কাটিয়ে উঠতে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। সংসদে সত্যিকারের বিরোধী দল নেই এটি শুধু একটি মন্তব্য নয়, বাস্তব সত্য হিসেবে সর্বজনবিদিত।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, ২০১৪ সালের নির্বাচন বিতর্কিত ছিল, এটি সর্বজনবিদিত। সরকারের দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা সম্মানিত ব্যক্তিদের বক্তব্যেও বিভিন্নভাবে এর প্রতিফলন ঘটেছে। এ অবস্থায় সংসদের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নির্বাচন সমাধান দিতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বিতর্কমুক্ত নির্বাচন অবশ্যই সমাধানের সুযোগ সৃষ্টি করতে পারে। তবে কখন এবং কীভাবে ওই নির্বাচন হবে, তা নির্ধারণ করবেন আমাদের রাজনৈতিক নেতারা।’ তাঁর এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা কোনো বিশেষ মহলের সুবিধার জন্য এমন মনে করা ভিত্তিহীন।
টিআইবির অর্থায়ন নিয়ে সরকারের দায়িত্বপূর্ণ অবস্থান থেকে বিভিন্ন প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এক পয়সাও তার অর্থায়নের জন্য গ্রহণ বা ব্যয় করতে পারে না। এ ছাড়া নিয়ম মেনে টিআইবি তার আয়-ব্যয়ের সব হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত সরবরাহ করে, ওয়েবসাইটে প্রকাশ করে। টিআইবি সম্পর্কে আইএস বা অন্য কোনো জঙ্গি ও দলীয় রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ যে অর্থহীন ও ভিত্তিহীন, তা বলারও প্রয়োজন টিআইবি মনে করে না। সরকার বা অন্য কোনো পক্ষ যদি এ নিয়ে অনুসন্ধানে আগ্রহী হয়, তাহলে টিআইবি সব রকমভাবে সাহায্য করবে। বিজ্ঞপ্তি।