হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা মর্যাদার ক্ষেত্রে প্রথম শ্রেণির। অথচ এখানে নাগরিকদের জন্য পানি সরবরাহের ব্যবস্থা নেই। সড়কগুলোর অবস্থাও ভালো নয়। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও দুর্বল এ পৌরসভা।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭ সালে নবীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ‘ক’ শ্রেণির এ পৌরসভার আয়তন ৯ দশমিক ৭ কিলোমিটার। লোকসংখ্যা ৩০ হাজার ২৮৬ জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। ভোটার সংখ্যা ১৬ হাজার ১৯৫ জন। পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করছেন তোফাজ্জল ইসলাম চৌধুরী। তিনি এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। সম্প্রতি সরেজমিনে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পৌরসভার বিভিন্ন সমস্যার কথা জানা যায়।
সড়ক ও বাজার: এ পৌরসভায় ৪৫ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে পাকা সড়ক মাত্র ২৮ দশমিক ৫৮ কিলোমিটার। বাকি সড়কগুলো কাঁচা ও ইট বিছানো। দেখা গেছে, অধিকাংশ সড়কেই সমস্যা। কার্পেটিং উঠে গেছে ও বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া শহরের ভেতরে নতুন বাজারের রাস্তার ওপর গাড়ির স্ট্যান্ড। এ কারণে এখানে সব সময় যানজট লেগেই থাকে। আবার প্রধান সড়কের ওপর কাঁচাবাজারও আছে। এসব কারণে পৌরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার বাসিন্দা ফজর আলী বলেন, রাস্তা থেকে গাড়ির স্ট্যান্ড ও কাঁচাবাজার সরানোর ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কাঁচাবাজারের জন্য চরগাঁও সড়কের কাছে বাজার বসার ব্যবস্থা করলেও ব্যবসায়ীরা নিজেদের স্থান ছাড়েননি।
পানি: ১৮ বছরে পৌরসভার বাসিন্দাদের জন্য পানি সরবরাহের কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। পানি সরবরাহের কোনো প্রকল্প না থাকায় প্রথম শ্রেণির এ পৌরসভার নাগরিকেরা এখনো টিউবওয়েলের পানির ওপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দা সুবির দাস বলেন, সিলেট বিভাগের মধ্যে নবীগঞ্জ পৌর এলাকার পানিতে সবচেয়ে বেশি আয়রন থাকে। বিকল্প ব্যবস্থা না থাকায় পৌরবাসীকে আয়রনযুক্ত পানি পান ও ব্যবহার করতে হচ্ছে। আরেক বাসিন্দা মিন্টু দাস বলেন, প্রতিবছর বাজেটে পানি প্রকল্পের ওপর বাজেট নির্ধারণ করা থাকে। কিন্তু প্রকল্প কখনো বাস্তবায়নের মুখ দেখে না।
ময়লা-আবর্জনা: পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান নেই। নাগরিকেরা যেখানে খুশি ময়লা ফেলেন। পৌরসভা স্বয়ং যেখানে খুশি ময়লা-আবর্জনা ফেলছে। এতে শহরের আনাচকানাচে ময়লার স্তূপ হচ্ছে। স্থানীয় বাসিন্দা শামছুল আলম বলেন, ময়লা ফেলার জন্য পৌরসভার গাড়ি ও জনবল সবই আছে। কিন্তু তাদের কাজ করতে দেখা যায় না। আরেক বাসিন্দা ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, শহরের আশপাশে যত খাল বা জলাশয় আছে, তার সবগুলো পৌরসভার ময়লায় ভরে গেছে। তাঁর মতে, পৌরসভার উচিত ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থান বা বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা।
পয়োনিষ্কাশন: প্রায় ১০ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভার নালা বা ড্রেন আছে মাত্র ২ দশমিক ২৬ কিলোমিটার। তাও শহরের একটি নালার সঙ্গে আরেকটার সংযোগ নেই। এতে বর্ষাকালে বৃষ্টির পানি নালা উপচে সড়কে জমে থাকে। এ ছাড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যবাজার, ওসমানী সড়ক ও রুদ্র গ্রাম সড়কে এখনো কোনো পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে ওঠেনি। সরেজমিন দেখা গেছে, কিছু এলাকায় নালাগুলো আঁকাবাঁকা ও সরু। মধ্যবাজারের ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, নবীগঞ্জ পৌরসভায় এখনো শহরের আবহ তৈরি হয়নি। অথচ এ পৌরসভার নাগরিকদের রাজস্ব ও পৌরকর পরিশোধের ক্ষেত্রে কোনো গাফিলতি নেই।
জানতে চাইলে নবীগঞ্জ পৌরসভার সচিবের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী ভবি মজুমদার প্রথম আলোকে বলেন, সড়ক ও পয়োনিষ্কাশন বিষয়ে প্রতিনিয়ত তাঁরা কাজ করে যাচ্ছেন। সামনে আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে। পানির সমস্যা নিরসনে পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা পানির স্তর নির্ণয় করতে না পারায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।