মলম পার্টির কবলে উন্নয়নকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে গত শুক্রবার সিএনজিচালিত অটোরিকশায় আগ্রাবাদের বাসায় ফেরার পথে মলম পার্টির কবলে পড়েছেন বেসরকারি সংস্থার উন্নয়নকর্মী শহীদুল ইসলাম। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চোখে মলম লাগিয়ে দেয়। শহীদুল ইসলাম নগরের চান্দগাঁওয়ে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) প্রোগ্রাম ব্যবস্থাপক। এক সপ্তাহে এ প্রতিষ্ঠানের আরও দুজন কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। তাঁরা হচ্ছেন হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল মুনির ও প্রোগ্রাম কর্মকর্তা লিয়াকত আলী। জানা যায়, শহীদুলকে নিয়ে বহদ্দারহাট থেকে দামপাড়ায় এসে যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে অটোরিকশাটির চালক তাঁকে নামিয়ে দেয়। এরপর ওই চালকই আরেকটি অটোরিকশা ডেকে তাঁকে সেটিতে তুলে দেয়। অটোরিকশাটি কাটাপাহাড়ের মাঝখানে নির্জন স্থানে পৌঁছালে চালক গাড়ি থামায়। সেখানে চালকসহ চারজন চাকু ধরে নগদ টাকা, মুঠোফোন ও ব্যাগ নিয়ে যায়। পরে চোখে মলম লাগিয়ে তাঁকে বারিক বিল্ডিং এলাকায় নামিয়ে দেয়।