মলম পার্টির খপ্পরে এক ব্যক্তি খুইয়েছেন টাকা ও ফোনসেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ থেকে জামালখানের দিকে যাওয়ার সময় মলমপার্টির সদস্যদের খপ্পরে পড়ে মুঠো ফোনসেট ও নগদ টাকা খুইয়েছেন এক ব্যক্তি। সন্ত্রাসীরা তাঁকে বেদম মারধরও করে। গত সোমবার রাতে নগরের বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার শিকার লোকটির নাম অসিত সেন (৫৭)। সন্ত্রাসীরা তাঁর চোখে মলম লাগিয়ে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট কেড়ে নেয়। এরপর তাঁকে বেপারীপাড়ার রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। অজ্ঞান অবস্থায় তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। অসিতের আত্মীয় আশীষ কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘সিএনজিচালিত একটি অটোরিকশায় চড়ে অসিত সেন জামালখানের দিকে যাচ্ছিলেন। বেপারীপাড়া পার হওয়ার আগেই মলমপার্টির তিন সদস্য গাড়িতে ওঠে। এরপর তাঁকে মারধর করে এবং চোখে মলম লাগিয়ে রাস্তার পাশে ফেলে সন্ত্রাসীরা চলে যায়।’