মলম পার্টির খপ্পরে শিপিং কর্মকর্তা
চট্টগ্রামে একটি বেসরকারি সংস্থার শিপিং কর্মকর্তা ক্যাপ্টেন আনোয়ারুল হক (৫২) গত বুধবার রাতে নগরের গোসাইলডাঙ্গা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার সময় মলম পার্টির খপ্পরে পড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন।
আনোয়ার প্রথম আলোকে জানান, অটোরিকশায় ওঠার কিছুক্ষণ পর চালক গাড়ির গতি কমিয়ে ফেললে তিনজন দ্রুত ভেতরে উঠে পড়ে। গাড়িটির গ্রিলের দরজা থাকলেও সেগুলোর কোনো ছিটকিনি ছিল না। এর ফলে দুপাশ থেকে দরজা টান দিয়ে ছিনতাইকারীরা ভেতরে উঠে পড়ে। একজন তাঁর কোলের ওপর ও দুজন দুপাশে বসে পড়ে। এ সময় ছিনতাইকারীরা তাঁর গলা, মুখ ও হাত চেপে ধরে। তাঁরা এ সময় তাঁর দামি হাতঘড়ি, ব্ল্যাকবেরি ও স্যামসাং গ্যালাক্সি মডেলের দুটি মুঠোফোন সেট, নগদ তিন হাজার টাকা ও আংটি ছিনিয়ে নেয়। এরপর তারা তাঁর চোখে মরিচের গুঁড়া লাগিয়ে বন্দর হাসপাতাল এলাকায় ফেলে রেখে যায়। এ সময় একজন রিকশাচালকের সহায়তায় তিনি বাসায় ফেরেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।