মলম পার্টির দলনেতাসহ গ্রেপ্তার ৯
চট্টগ্রামে পৃথক অভিযানে মলম পার্টির দলনেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরের কোতোয়ালি নেভাল অ্যাভিনিউ এলাকা থেকে ছয়জন এবং নগরের পতেঙ্গা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন দলনেতা আলী আকবর, সেলিম হোসেন ওরফে ফেরদৌস, মো. রহিম, আবদুর রহিম, মো. ইউসুফ, বাবুল হোসেন, মিরাজ, শাহাদাত ও বেলাল।
নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা ছয় আসামির মধ্যে তাঁদের দলনেতা হলেন আলী আকবর। আর সেলিম হোসেন সিএনজিচালিত অটোরিকশা সরবরাহ করেন। তাঁদের দলে ১২ জন সদস্য রয়েছেন। কিছুদিন কার্যক্রম চলার পর তাঁরা গা-ঢাকা দেন। আবার সক্রিয় হন। সিএনজিচালিত অটোরিকশার চালক সেজে তাঁরা যাত্রীদের সর্বস্ব কেড়ে নেন। দলের সদস্যরা সবাই গাড়ি চালাতে পারেন। যাত্রী নিয়ে রওনা হয়ে কিছু দূর যাওয়ার পর গাড়ি নষ্ট হয়েছে বলে থামিয়ে দেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দলের বাকি সদস্যরা গাড়িতে উঠে পড়েন। যাত্রীকে ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নেন। চলে যাওয়ার সময় চোখে মরিচের গুঁড়া কিংবা মলম লাগিয়ে দেন। যাতে মলম পার্টির সদস্যদের ধরতে ধাওয়া দিতে না পারে।
কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার করা ছয় আসামির মধ্যে ফেরদৌস ও ইউসুফ প্রকৌশলী নাজিম উদ্দিনকে নগরের বায়েজীদ এলাকায় হত্যার কথা স্বীকার করেছেন।