মলাইটিলা রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের খাদিমপাড়ার মলাইটিলা রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। চূড়ায় খনন করা ‘পুকুর’ ভরাট করে টিলাটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।গতকাল রোববার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের একটি পরিদর্শক দল টিলার চূড়া পর্যবেক্ষণ করে টিলা রক্ষায় আগে গর্ত ভরাট করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছে।অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় নেতৃত্ব এক বিবৃতিতে অবিলম্বে ‘পুকুর’ ভরাট, দায়ী ব্যক্তিদের অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসা এবং পাহাড়-টিলা কাটা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ—এই তিন দফা দাবি জানিয়েছে।গতকাল দুপুরে টিলা পরিদর্শন করে বেলার স্থানীয় সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদন যথাসময়ে যথাযথভাবে হয়েছে। আমরা বাস্তবে গিয়ে তেমনটি দেখেছি।... দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ রকম করতে আর কেউ সাহস না পায়।’শাহ শাহেদা প্রথম আলোর প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরসহ প্রশাসনের এ পর্যন্ত নেওয়া উদ্যোগকে স্বাগত জানান। বাপার বিবৃতিতে বলা হয়, ‘এত দিন স্থানীয় প্রশাসনের উদাসীনতা আমাদের হতবাক করেছে। এ ধরনের পরিবেশবিধ্বংসী কার্যকলাপ দ্রুত বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছি।’বাপা ও বেলার পর্যবেক্ষণ সম্পর্কে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিল্লুুর রহমানকে অবহিত করলে তিনি প্রথম আলোকে জানান, উচ্চপর্যায়ের অভিযান (এনফোর্সমেন্ট) পরিচালনা করতে গতকাল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তাঁর কথা হয়েছে। অচিরেই এ অভিযান হবে বলে মহাপরিচালক তাঁদের জানিয়েছেন। খাদিমপাড়া ইউনিয়নের ব্যক্তিমালিকানাধীন মলাইটিলার চূড়ায় বিশাল পুকুরসদৃশ গর্ত করায় এর অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ধারণা করা হচ্ছে, আবাসন প্রকল্পের জন্য আইন ফাঁকি দিয়ে টিলাটি কৌশলে সমান করে ফেলতেই ওই গর্ত খোঁড়া হয়েছে। বৃহস্পতিবার প্রথম আলোয় ‘টিলার চূড়ায় “পুকুর”’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।