মলিন মুখে সাকা বললেন কী আর করা যাবে
মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগেও ফাঁসির দণ্ড পাওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গতকাল বুধবার মৌখিকভাবে রায়ের খবর দেয় কাশিমপুর কারা কর্তৃপক্ষ। তা শুনে সাকা চৌধুরী বলেন, মৃত্যুদণ্ডের রায় বহাল রয়েছে। কী আর করা যাবে। হবেই তো। এ সময় তাঁর মুখে মলিন হাসি দেখা যায়।
২০১২ সালের ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ আছেন সাকা চৌধুরী। তিনি তাঁর সঙ্গে থাকা রেডিওর সংবাদে রায়ের খবর শোনেন। পরে কারা কর্তৃপক্ষ মৌখিকভাবে তাঁকে রায়ের খবর দেয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কারা তত্ত্বাবধায়ক সুব্রত কুমার ও কারাধ্যক্ষ ফরিদুর রহমান গতকাল সকাল ১০টার দিকে রায় বহালের খবর জানাতে সাকা চৌধুরীর সেলে যান। তাঁকে মৌখিকভাবে রায়ের বিষয়টি জানান ওই দুই কর্মকর্তা। কর্মকর্তারা জানান, রায়ের খবর শোনার পর সাকা চৌধুরী বলেছেন, তিনি সর্বোচ্চ আইনি লড়াই লড়বেন। রিভিউ আবেদন করবেন। তিনি আশাবাদী, তাঁর রিভিউ টিকবে। ন্যায়বিচার পাবেন। সাকা চৌধুরী আরও বলেন, তিনি দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করেছেন। আজ হয়তো তাঁর কিছু কথার কারণে অনেকেই ক্ষুব্ধ। আজ তাঁকে হয়রানি করা হচ্ছে।
ফরিদুর রহমান বলেন, সাকা চৌধুরী রায় শোনার পর মুখে মলিন হাসি নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।