চট্টগ্রামে মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ। ঘর, অফিসপাড়া—সবখানেই দিন-রাত মশার যন্ত্রণা। তাদের দৈনন্দিন খরচের তালিকায় এখন মশার কয়েল ও স্প্রে যোগ হয়েছে। মশক নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদাসীনতা ও বাজেট-সংকটের কারণে নগরবাসী এর সুফল পাচ্ছে না।করপোরেশনের দাবি, গত নভেম্বর থেকে নগরের নালাগুলোতে মশার ওষুধ ছিটানো (স্প্রে) হচ্ছে। নগরবাসীর অভিযোগ, বছর খানেকের মধ্যে তারা এ ধরনের লোকজনকে চোখে দেখেনি। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।করপোরেশন সূত্রে জানা গেছে, ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে চারজন স্প্রেম্যান ও একজন করে তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছেন। মশা নিধনের জন্য প্রতি ওয়ার্ডে কালো তেল ও লার্ভিসাইড নামক রাসায়নিক পদার্থ মজুদ থাকে। একটি সিলিন্ডারের ধারণক্ষমতা ১০ লিটার। নালা-নর্দমায় একবার মশার ওষুধ ছিটালে এক সপ্তাহ পর এর ধারাবাহিকতা বজায় রেখে আবারও ওষুধ ছিটাতে হয়। তা না হলে জীবাণুর পুরোপুরি বিনাশ ঘটে না। কিন্তু বাজেট-স্বল্পতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না। ৪১টি ওয়ার্ডের সব বাসাবাড়িতে এক দিনে মশার ওষুধ ছিটাতেই খরচ পড়ে প্রায় এক কোটি ২০ লাখ টাকা। সিটি করপোরেশনের প্রতিবছরের বাজেট হচ্ছে এক কোটি টাকা। বাজেটের একাংশ মশা নিধনে ব্যবহার করা হয় কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নগরবাসী।সরেজমিন ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন ধরে ময়লা জমে এসব এলাকার নালা-নর্দমাগুলোর পানি কালো রং ধারণ করেছে; আর সেই পানিতে মশার বিস্তার ঘটছে।চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকার বাসিন্দা জাহিদ হোসেন বলেন, ‘ঘরে-বাইরে কোথাও মশাদের কাবু করা যাচ্ছে না। এ ব্যাপারে করপোরেশনের কোনো উদ্যোগও আমাদের চোখে পড়ছে না।’কাজীর দেউড়ি এলাকার গৃহিণী সীমা দাশ বলেন, ‘মশার যন্ত্রণায় সন্ধ্যার পরই দরজা-জানালা বন্ধ করে ঘরে কয়েল জ্বালাতে হয়। আগে দেখতাম, করপোরেশনের লোকজন আশপাশের নালায় মশার ওষুধ ছিটাত। এখন কাউকে দেখা যায় না।’অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘গত নভেম্বর মাস থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ডের নালা-নর্দমায় আমাদের স্প্রেম্যানরা মশার ওষুধ ছিটাচ্ছেন। কিন্তু করপোরেশনের বাজেট-স্বল্পতার কারণে হয়তো পুরো নগরে মশা নিধনের কাজ জোরালোভাবে করা সম্ভব হয় না। তবু আমরা আমাদের সীমিত সামর্থ্যের মাধ্যমে নালা ও বাসাবাড়িতে ওষুধ ছিটানোর চেষ্টা করি।’ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আরও জানান, ২০ ডিসেম্বর বিভিন্ন বাসাবাড়ির আশপাশে মশার ওষুধ ছিটানোর বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে করপোরেশন। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।