মশক নিধন কার্যক্রমে স্বচ্ছতা চায় দুদক

ঢাকার দুই সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের কেনাকাটা ও বাস্তবায়ন কাজ স্বচ্ছ থাকবে এমনটাই প্রত্যাশা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান।
সিটি করপোরেশনের উদ্দেশ্যে মোজাম্মেল হক বলেন, মশা মারা ওষুধ কিংবা যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে এসব কার্যক্রম বাস্তবায়নে ন্যূনতম দুর্নীতি হোক এটা কমিশন প্রত্যাশা করে না। আমরা আশা করি এসব কাজে কোনো দুর্নীতি হবে না, কেউ অভিযোগও করবে না।
মোজাম্মেল হক খান আরও বলেন, ব্যক্তি পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই পরিবার, প্রাতিষ্ঠানিক তথা সার্বিকভাবে নগরের পরিচ্ছন্নতা বিকশিত হয়। সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে সাধুবাদ জানিয়ে দুদক কমিশনার বলেন, এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এনফোর্সমেন্ট নতুন সংযোজন। তিনি বলেন, এডিস মশা নিধনে সিটি করপোরেশনের সমন্বিত অভিযানে অফিসার্স ক্লাব, বাংলাদেশ স্কাউটস সার্বিকভাবে পাশে থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, শুধু সিটি করপোরেশন নয়, দুদকের নজরদারি রয়েছে সর্বত্রই। দুদক এখন সর্বোচ্চ সক্রিয়। আগে যারা দুদককে দন্তহীন বাঘ বলতেন, তারা এখন আর এভাবে ভাবেন না। কারণ কমিশনের বর্তমানে চলমান বহুমাত্রিক কার্যক্রমকে তারা অনুধাবন করছেন। দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধে নিরন্তর চেষ্টা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই সিটি করপোরেশনের মশক নিধন কর্মীদের সঙ্গে নিয়ে দুদক কমিশনার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিদ্যালয়টির অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে দুদক কমিশনার বিদ্যালয়টির অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এরপর তিনি পর্যায়ক্রমে বিয়াম স্কুল ও ঢাকা কলেজে মশক নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেন।