মশার কয়েল থেকে আগুন, কিশোরের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের কাছে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে নেয়ামত উল্লাহ সাগর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মশা তাড়ানোর কয়েল থেকে ওই আগুনের সূত্রপাত হয়।
আজ রোববার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ওই কিশোরের বাবা শাহাজাহান মিয়াকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে থাকা ওই কিশোরের মা বিউটি বেগম জানান, তাঁর স্বামী শাহাজাহান মিয়া অসুস্থ। আর ছেলে নেয়ামত উল্লাহ রাতে চায়ের দোকানে কাজ করে। আজ দিনের বেলায় ওই টিনশেড ঘরে দুজনই ঘুমিয়ে ছিল। মশা তাড়ানোর কয়েল থেকে দুপুর একটার দিকে ঘরে আগুনের সূত্রপাত হয়। বিকেল পাঁচটার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন। শাহাজাহান মিয়ার অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। চিকিৎসক কর্মকর্তা ডা. মাসুমা নেয়ামতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।