মশা তৈরির কারখানা!

>
• মশা নিধনে বিশেষ কোনো কর্মসূচি নেই
• এলাকাটি ঝুঁকিপূর্ণ, জানেন না ওয়ার্ডের কাউন্সিলর
• এলাকায় ভোগান্তির অভাব নেই
মগবাজারের বাসিন্দাদের মতে, তাঁদের এলাকায় ভোগান্তির অভাব নেই। বর্ষার আগে চলে রাস্তা খোঁড়াখুঁড়ি। আবার বর্ষা এলে ডুবে যায় এলাকা। এলাকাবাসীর দাবি, এসব কারণে ঢাকার অন্যান্য এলাকার চেয়ে তাঁদের এলাকায় মশা জন্মে বেশি।
মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের জন্য স্বাস্থ্য অধিদপ্তর মগবাজারকে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।
মগবাজার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। কিন্তু মশা নিধনে এলাকাটিতে বিশেষ কোনো কর্মসূচি নেই। এলাকাটি যে ঝুঁকিপূর্ণ সে বিষয়টিও জানেন না ওয়ার্ডের কাউন্সিলর। তবে তাঁর দাবি, নিয়মিত মশা নিধন কর্মসূচি চালানো হয়।
কাউন্সিলর মোক্তার সরদার প্রথম আলোকে বলেন, তাঁর ওয়ার্ড সবচেয়ে বড়। ওয়ার্ডে ৭০ হাজার ভোটার। কিন্তু মশা নিধনে ওষুধ ও লোকবল বরাদ্দ অন্যান্য ওয়ার্ডের মতোই। তাই পুরো এলাকায় একযোগে মশক নিধন অভিযান চালাতে হিমশিম খেতে হয়।
সোমবার দুপুরে মগবাজারের ইস্পাহানী কলোনির সামনে কথা হয় বজলুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘সন্ধ্যা হলেই মশার অত্যাচারে থাকা যায় না। বাসায় কয়েল জ্বালাই, মশারি টানাই। এর বাইরে একটু বসে থাকলেই মশা কামড়ানো শুরু হয়।’
বড় মগবাজারের সাততারা গলির বাসিন্দা আমির হোসেন বলেন, এই এলাকায় মানুষ সংখ্যালঘু আর মশা সংখ্যাগরিষ্ঠ।
আবদুল লতিফ সরদার লেনের বাসিন্দা লুৎফর হোসেন বলেন, মগবাজার হলো মশার কারখানা। দিনের বেলাতেও বাসার ভেতরে মশা কামড়ায়।
মগবাজারের নয়াটোলার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের লোকজন প্রায় এক মাস আগে মশা মারার ওষুধ দিয়ে গেছেন। বাসায় দিনেও মশারি টানিয়ে ঘুমানো লাগে মাঝেমধ্যে। কয়েক দিন আগেই বাসার সিকিউরিটি গার্ড চিকুগুনিয়ায় আক্রান্ত হয়েছে।
নয়াটেলার বাসিন্দা শাহনাজ পারভীন বলেন, গত বছর তাঁর পরিবারের সব সদস্যই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিল। এবার তাই বাসায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন তিনি। দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে রাখেন। এ ছাড়া ঘরের আনাচকানাচে মশার ওষুধ ছিটান। তিনি বলেন, ‘গত বছরের অভিজ্ঞতার কারণে এখনো চিকুনগুনিয়ার আতঙ্কে আছি। রুমের ভেতরের মশা না হয় আমি তাড়ালাম, কিন্তু বাইরের মশা তাড়ানোর দায়িত্ব যাদের, তাদের তো মাসে একবারের বেশি দেখা যায় না।’
চেয়ারম্যান গলির বাসিন্দা মোতালেব হোসেন বলেন, ‘মগবাজারের মানুষের দুঃখের শেষ নেই। বর্ষায় পানি জমে আর এখন মশার যন্ত্রণা শুরু হইছে। ময়লা-আবর্জনা পরিষ্কার না করলে মশা তো জন্মাবেই।’
মধুবাগের বাসিন্দা সোহেল রানা বলেন, পাশের হাতিরঝিল মশা জন্মানোর আদর্শ জায়গা। এলাকায় মশা জন্মানোর জায়গা তো আছেই। মশা আসে সেখান থেকেও। সিটি করপোরেশন বিশেষ ব্যবস্থা না নিলে আমরা আর কত মশা তাড়াব?