মশা নিধনে চট্টগ্রাম নগরে 'ক্রাশ প্রোগ্রাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশন ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করতে যাচ্ছে। করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশা নিধনের জন্য আগামী দুই মাস এই কার্যক্রম পরিচালনা করবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, আগামী সোমবার বিকেলে জামালখান ওয়ার্ড কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রথম দিন জামালখান ছাড়া আন্দরকিল্লা ও এনায়েত বাজার ওয়ার্ডে মশা নিধনের কাজ করবেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, ঢাকায় চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সতর্কতা হিসেবে চট্টগ্রাম নগরে মশা নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ক্রাশ প্রোগ্রামের জন্য তিন কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ সূত্র জানায়,পরিচ্ছন্নতাকর্মীরা ক্রাশ প্রোগ্রাম চলাকালে প্রতিদিন তিনটি করে ওয়ার্ডে ওষুধ ছিটাবেন। এ সময় বাসা বাড়ির আঙিনা ও নালা-নর্দমায় ওষুধ দেওয়া হবে।

করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে জানান, মশা নিধনের জন্য দুই ধরনের ওষুধ প্রয়োগ করা হবে। এর মধ্যে প্রতিটি ওয়ার্ডে এক হাজার লিটার করে অ্যাডাল্ট ডি সাইড (পূর্ণাঙ্গ মশা ধ্বংসকারী) ছিটানো হবে। আর পুরো নগরে লার্ভি ডি সাইড (মশার ডিম ধ্বংসকারী ওষুধ) ছিটানো হবে দশ হাজার লিটার।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ‘ডেঙ্গু বা চিকুনগুনিয়া জ্বরে আতঙ্কিত না হয়ে সচেতন হোন’ শীর্ষক একটি বিজ্ঞপ্তি স্থানীয় এক দৈনিকে প্রকাশ করেছে। সেখানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ১২টি করণীয় নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বাড়ি ও বাড়ির আশপাশের যেকোনো পাত্র বা জায়গায় জমে থাকা পানি তিন দিন পরপর পরিষ্কার করা, অপ্রয়োজনীয় বা পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে, দিন ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কিত যেকোনো প্রয়োজনে পাশের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে যোগাযোগ করা যেতে পারে।