মশা-মাছির উৎপাতে হাসপাতালেও ঝুঁকি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মশা ও মাছির উপদ্রব বেড়ে গেছে। এতে হাসপাতালে আসা রোগীদের মশা ও মাছিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এখানে মশা ও মাছি নিধনের ব্যবস্থা না থাকায় রোগ সারাতে এসে রোগীরা নতুন করে রোগে আক্রান্ত হচ্ছে। এই বাস্তবতায় ‘মশা-মাছি দূরে রাখি, রোগবালাইমুক্ত থাকি’ প্রতিপাদ্য নিয়ে আজ ৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসা খাতে প্রতিবছর কয়েক কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও মশা-মাছি নিধনের জন্য বরাদ্দ রাখা হয়নি। সরেজমিনে দেখা গেছে, ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় হাসপাতালের চারপাশের নালাগুলোতে পানি জমে আছে। নালাগুলোতে নোংরা পানি, মলমূত্র, ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। ময়লা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে মশা বংশ বৃদ্ধি করছে।
গত শনিবার দুপুরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের চাঁদ আলীকে (২৫) মেঝেতে চিকিৎসা নিতে দেখা যায়। তাঁকে ঘিরে আছেন স্বজনেরা। পাশেই এক গামলায় ভাত ও কয়েকটি বাটিতে তরকারি খোলা অবস্থায় রয়েছে। এ সময় অসংখ্য মাছি রোগীর শরীর ও খোলা খাবারে বসলেও কারও সেদিকে খেয়াল নেই। পাশেই এক শিশু ভাত খাচ্ছে।
হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ পরিতোষ কুমার ঘোষ জানান, মশা-মাছির কারণে ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গু, ফাইলেরিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। হাসপাতালের প্রধান সহকারী আবেদ উদ্দিন জানান, হাসপাতালের মশা-মাছি নিধনের জন্য এ পর্যন্ত কোনো ওষুধ কেনা হয়নি।