মশা মারতে ১২ কোটি টাকা গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০১৫-১৬ অর্থবছরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ১২ কোটি টাকা ব্যয় করেছে। যথেষ্ট অর্থ খরচ করলেও মশা নিয়ন্ত্রণে আশানুরূপ ফল পাওয়া যায়নি। গত বছর ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল গত আট বছরের মধ্যে সবচেয়ে বেশি। সে কারণে এবারের বাজেটে বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে।
২৬ জুন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ২৩ কোটি ২৫ লাখ টাকা। ওষুধ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়, মশক নিয়ন্ত্রণে কর্মচারীদের পোশাক ও সুরক্ষা-সংক্রান্ত খরচ ধরা হয়েছে ২০ কোটি টাকা। কচুরিপানা ও আগাছা পরিষ্কারে দুই কোটি টাকা। ফগার, হুইল ও স্প্রে মেশিনে ব্যয় হবে ১ কোটি ২৫ লাখ টাকা। মশক নিয়ন্ত্রণে উত্তর সিটি করপোরেশনে কর্মী আছেন ২৭৯ জন।
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে মেয়র আনিসুল হক বলেন, এবার বরাদ্দ আগের তুলনায় বেশি রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৮ কোটি টাকা খরচ করা হবে। আগের তুলনায় অনেক পরিকল্পিতভাবে এগোনো হচ্ছে। সচেতনতামূলক কার্যক্রমও আগে থেকে শুরু করা হচ্ছে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া বলেন, ‘মেয়রকে বলে মশক নিয়ন্ত্রণে বরাদ্দ বেশি নেওয়া হয়েছে। এতে অবশ্যই কাজের সুবিধা হবে। মশক নিয়ন্ত্রণে সরঞ্জাম কেনার জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে।’
২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী ডিএনসিসি মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যয় করেছে ১১ কোটি ৯৫ লাখ টাকা। আর মশক নিয়ন্ত্রণে যন্ত্রপাতি কেনা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকার। মশক নিধন কার্যক্রম জোরদার করতে গত অর্থবছরে ১০০টি হ্যান্ড স্প্রে মেশিন, ৬০টি ফগার মেশিন, ২ লাখ ৪২ হাজার লিটার অ্যাডাল্টিসাইড, ৫০ হাজার লিটার ম্যালেরিয়া ওয়েল বি এবং ৪ হাজার লিটার লার্ভিসাইড কিনেছে ডিএনসিসি। এ ছাড়া ১ হাজার ৮৭৬ বিঘা জলাশয়ের কচুরিপানাও পরিষ্কার করা হয়।
এসব সত্ত্বেও গত বছর ঢাকায় ৩ হাজার ১৬২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। আক্রান্তের এই সংখ্যা আট বছরের মধ্যে সর্বোচ্চ। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১৩। এপ্রিল ও মে মাসে যথাক্রমে ৪১ ও ৭৬ জন। জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১১৪ জন।