মশা মারা যন্ত্রের দাম জানতে জাহাজ কোম্পানিকে চিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছে মশা নিধন, অপারেশন থিয়েটার সেট, সড়ক সংস্কারের জিনিসপত্র, ল্যাপটপ কম্পিউটার, গাড়িসহ ৩৭ ধরনের মালামালের দাম জানতে চেয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। ৮ আগস্ট ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড নামের ওই জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ওই সব পণ্যের মূল্য জানানোর জন্য চিঠি পাঠিয়েছেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, পয়োনিষ্কাশন, লাইটিং ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসাসেবা আধুনিকায়ন, মশক নিধন কার্যক্রমের উন্নয়ন, আধুনিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম গ্রহণের জন্য কিছু যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় করা প্রয়োজন।’ অর্থ বরাদ্দ সাপেক্ষে সিটি করপোরেশন ওই সব পণ্য কিনতে ইচ্ছুক। তাই মূল্য জানা প্রয়োজন বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। মেয়রের অনুমোদনক্রমে ওই মূল্য জানাতে অনুরোধ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।

জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে ওই সব পণ্যের মূল্য জানতে চাওয়াকে বড় ধরনের দুর্নীতির আভাস বলে অভিযোগ করেছে সম্মিলিত নাগরিক সমাজ খুলনা নামের একটি সংগঠন। গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি দাবি করেছে, একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান সড়ক সংস্কারের জিনিসপত্র, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, বর্জ্য ব্যবস্থাপনার সরঞ্জামের মূল্য সম্পর্কে কতটুকুই বা জানতে পারে? কিন্তু সিটি করপোরেশন ওই প্রতিষ্ঠানের কাছেই এসব যন্ত্রপাতি ও সরঞ্জামের মূল্য জানতে চেয়েছে। জানতে চাওয়া ওই সব জিনিসপত্রের মূল্য হবে ৫০ থেকে ৬০ কোটি টাকা। সিটি করপোরেশন দরপত্র ছাড়াই ওই সব পণ্যের মূল্য জানতে চাওয়াকে সীমাহীন দুর্নীতি করার প্রস্তুতি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি। ওই টাকা আত্মসাতের জন্য ওই ফন্দি আঁটা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত নাগরিক সমাজ খুলনার আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ছাড়াও খুলনার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা প্রথম আলোকে বলেন, ‘যে কেউ যেকোনো প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় পণ্যের মূল্য জানতে পারে, এখানে সেটাই করা হয়েছে।’ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে মূল্য জানতে না চেয়ে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছে মূল্য কেন জানতে চাওয়া হলো তা জানতে চাইলে তিনি বলেন, ‘জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হলেও তারা তো গাড়ি বা অন্যান্য মালামাল নিয়ে কাজ করে, এ জন্যই হয়তো তাদের কাছে মূল্য জানতে চাওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এখন আমার কাছে ওই চিঠির কোনো কপি নেই, তাই বিস্তারিত বলতে পারছি না।’

কেসিসির চিঠিতে ৪৬ লাখ ইট, ৫ হাজার ব্যারেল বিটুমিন, ৭ হাজার ৬৪০ সিএফটি পাথর, ড্রেন কনস্ট্রাকশন ২ দশমিক ৬ কিলোমিটার, দুটি জিপগাড়ি, সার্চলাইট ৫০০টি, জিআই পোল ১২৫টি, স্ট্রিট লাইট ৫০০টি, সোলার প্যানেল ৫০টি, ল্যাপটপ কম্পিউটার ৪১টি, ডেস্কটপ কম্পিউটার ৬০টি, প্রিন্টার ৫০টি, পোল ৩০০টি, লাইট সেড ২০০০টি, অপারেশন থিয়েটার ইনস্ট্রুমেন্ট এক সেট, ময়লা ফেলার ট্রাক দুটি, পাঁচ টনের চেইন লোডার একটি, পিকআপ দুটি, মাইক্রোবাস একটি, অ্যাম্বুলেন্স একটি, ফগার মেশিন ৬০টিসহ ৩৭ ধরনের মালামালের কথা উল্লেখ করা হয়।

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র কাজী আমিনুল হক প্রথম আলোকে বলেন, খরচ সম্পর্কে ধারণা পেতে চিঠি দিয়ে মূল্যতালিকা চাওয়া যেতে পারে। কিন্তু তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে হতে হবে। যেমন, সড়ক সংস্কারের যন্ত্রপাতি ও উপকরণের জন্য সওজের কাছে মূল্যতালিকা চাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন কেন অন্য প্রতিষ্ঠানের কাছে জানতে চাইল তা বোধগম্য নয়।