মশা মারার ওষুধ নেই
সিলেট নগরের ২৭টি ওয়ার্ডে শীত মৌসুমে মশা নিধনের ওষুধ ছিটানোর জন্য প্রয়োজন কমপক্ষে ৩ হাজার লিটার ওষুধ। তবে বর্তমানে মজুত রয়েছে মাত্র ৪০ লিটার। তাই শীত মৌসুম শুরু হলেও ওষুধ সংকটের কারণে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওষুধ ছিটাতে পারছে না। এ অবস্থায় নগরবাসী মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে।
নগরবাসী ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত আবার মার্চ থেকে মে মাস পর্যন্ত মশার প্রজনন হয়। এ সময়ে মশা মারার ওষুধের প্রয়োজন পড়ে। অথচ নভেম্বর মাস চলে যেতে শুরু করলেও সিটি কর্তৃপক্ষ ওষুধই ছিটাতে পারেনি।
নগরের পাঠানটুলা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা হারুনুজ্জামানের বাসা। শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের এলাকায় পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। দিনরাত সমানতালে মশা কামড়াচ্ছে। রীতিমতো তাঁরা এখন মশার জ্বালায় অতিষ্ঠ। এমন অবস্থা চললেও গত কয়েক মাসের মধ্যে সিটি কর্তৃপক্ষকে তাঁদের এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে তিনি দেখেননি বলে জানালেন।
গতকাল রোববার বিকেল চারটায় চরম বিরক্তি প্রকাশ করে হারুনুজ্জামান বলেন, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মশা মারার ওষুধ ছিটালে মশার প্রজননক্ষেত্রগুলো বিনষ্ট হয়ে যেত। মানুষ মশার উপদ্রব থেকে রেহাই পেতেন। নগরের প্রতিটি ওয়ার্ডে এ সমস্যা থাকলেও সিটি করপোরেশন কর্তৃপক্ষকে খুব একটা কার্যকর উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। এতে করে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা থেকে জানা গেছে, ওষুধ কেনার জন্য প্রায় তিন মাস আগে দরপত্র আহ্বান করা হয়েছে। এ দরপত্রের মাধ্যমে ১ হাজার ৩০০ লিটার ওষুধ কেনা হবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ ওষুধ কিনতে মাসখানেক সময় লেগে যাওয়ার কথা। এ ওষুধ ছিটানোর পর পুনরায় চাহিদা অনুযায়ী আরও ওষুধ কেনার জন্য দরপত্র আহ্বান করা হবে। তবে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে আগামী কয়েক দিনের মধ্যে দরপত্রের বাইরে ৪ লাখ টাকার ওষুধ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান প্রথম আলোকে বলেন, ৪০ লিটার মজুত থাকায় কোথাও মশা মারার ওষুধ ছিটানো হয়নি। আরও কিছু ওষুধ ক্রয়ের পর একযোগে ওয়ার্ডগুলোতে ওষুধ ছিটানো হবে। এ ছাড়া আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে মশার প্রজননক্ষেত্র বিনষ্ট করার উদ্দেশ্যে নালা-নর্দমাগুলো পরিচ্ছন্নতার কাজ শুরু করা হবে।
নগরের আটটি ওয়ার্ডের ১৯ জন ভুক্তভোগী বাসিন্দা জানান, পাড়া-মহল্লার নালা-নর্দমাগুলো আবর্জনায় পরিপূর্ণ। শীত মৌসুমের শুরুতে মশা নিধনের ওষুধ না ছিটানোয় মশা নির্বিঘ্নে বংশবিস্তার করছে। অথচ শীত মৌসুমের শুরুতেই মশা নিধনের ওষুধ ছিটানোর কথা। মশার মাত্রাতিরিক্ত উপদ্রবে দৈনন্দিন কাজ বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনাও করতে পারছে না। এবার কবে নাগাদ ওষুধ ছিটানো হবেÑএ নিয়েও ভুক্তভোগীরা দ্বিধায় রয়েছেন।
লামাবাজার এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা সুপ্রিয় দেব বলেন, মশারি ছাড়া ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। মশার কামড়ে শরীরের বিভিন্ন স্থান ফুলে যাচ্ছে। এমনকি জীবাণুবাহিত নানা রোগও ছড়িয়ে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে মশার উপদ্রবে ঘরে টেকাই কঠিন হয়ে পড়বে। রায়নগর এলাকার দুজন কলেজ শিক্ষার্থী জানান, কয়েল জ্বালালেও মশা পালায় না। মশার কামড়ে পড়াশোনা করতে সমস্যা হচ্ছে। পড়ার টেবিলের নিচে পা রাখা যায় না। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেয়ে মশা তাড়াতেই বেশি সময় ব্যয় করতে হয়।
বন্দরবাজার এলাকার ব্যবসায়ী রব মিয়া জানান, শীত শুরু হওয়ার পর তাঁর দোকানে মশার কয়েল ও স্প্রে খুব বেশি বিক্রি হচ্ছে।
নগরের দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্যসচিব জিবলু রহমান বলেন, মশার কামড়ে মানুষজন ঘরে-বাইরে কোথাও স্বস্তি পাচ্ছে না। শীতের আগেই যদি নালা-নর্দমাগুলো পরিচ্ছন্ন করা যেত, তাহলে মশার উপদ্রব কম থাকত। এ ছাড়া ওষুধ কেনার জন্য দরপত্র প্রক্রিয়া আরও আগে শুরু করা গেলে বর্তমানে মশার মাত্রাতিরিক্ত উপদ্রব থেকে নগরবাসী অনেকটাই রেহাই পেত। জরুরি ভিত্তিতে ওষুধ না ছিটালে কয়েক দিনের মধ্যে মশার অত্যাচার আরও বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন।
নগরের সেনপাড়া, কুমারপাড়া, ঝরনারপার, শাহি ঈদগাহ, আম্বরখানা, সুবিদবাজার, কালীবাড়ি, বারুতখানা, হাওয়াপাড়া, ঝালোপাড়া, ভার্থখলা, উপশহর, যতরপুর, সোবহানীঘাট, চালিবন্দর, ছড়ারপাড়, কালীঘাট, কাজিরবাজার, তোপখানা, ভাতালিয়া, বিলপাড়, বনকলাপাড়া, দরগাহ গেট, রাজারগলিসহ অন্তত ৩৫টি এলাকার বাসিন্দারা জানিয়েছে, ওষুধ ছিটানো তো দূরে থাক, এলাকার নালা-নর্দমাগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না। অনেক খাল অপরিচ্ছন্ন থাকায় সেগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এতে করে এলাকায় মশার বংশবিস্তার ঘটছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, মশার উপদ্রব হুট করে কিছুদিনের মধ্যে বেড়ে গেছে। করপোরেশনের কাছে মশা মারার ওষুধের মজুত কম থাকায় তাৎক্ষণিকভাবে ৪ লাখ টাকার ওষুধ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ওষুধ কয়েক দিনের মধ্যেই ছিটানো হবে। এ ছাড়া মাসখানেকের মধ্যে দরপত্রের মাধ্যমে আরও ৩৫ লাখ টাকার ওষুধ কেনা হবে। তখন নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় পর্যাপ্ত পরিমাণে ওষুধ ছিটানো হবে।