প্রায় ছয় মাস ধরে রাজশাহী সিটি করপোরেশনের কাছে মশা মারার ওষুধ নেই। এরই মধ্যে শুরু হয়েছে মশার প্রজননকাল। মশার কামড়ে নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। কর্তৃপক্ষ বলছে, ওষুধ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনে সরকারি থোক বরাদ্দ কমে যাওয়ার কারণে নগরের পরিবেশ উন্নয়নমূলক কাজ চলছে অনেকটা মন্থরগতিতে। এরই ধারাবাহিকতায় পরিচ্ছন্নতার কাজও ব্যাহত হচ্ছে। বর্তমান মেয়র ক্ষমতায় আসার আগে বছরে ২৫ থেকে ৩০ কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া যেত। এবার সেই বরাদ্দ এসে দাঁড়িয়েছে মাত্র আট কোটি টাকায়। এই বরাদ্দ এখন বিদ্যুৎ বিল, মশা মারার ওষুধ, তেল কেনা এবং পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। সূত্রমতে, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগে ১ হাজার ৩৬৫ জন কর্মচারী রয়েছে। মাসে তাদের ৬৫ লাখ টাকা বেতন বিল হয়। তবে করপোরেশনের রাজস্ব আয় থেকেও বেতন বিলের অংশবিশেষ পরিশোধ করা হয়। এ অবস্থায় গত অক্টোবর থেকে মশা মারার ওষুধ সরবরাহ শেষ হয়ে গেছে। সম্প্রতি মশার উপদ্রব বেড়ে গেছে। সন্ধ্যার পর এই অত্যাচার আরও বেড়ে যায়।
রাজশাহী কলেজের মহারানি হেমন্তকুমারী ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, গত ছয় মাসের মধ্যে তাঁদের ছাত্রাবাসের আশপাশে মশা মারার কোনো ওষুধ ছিটাতে দেখা যায়নি। এরই মধ্যে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। মশারির বাইরে পড়তে বসাই যায় না।
নগরের তালাইমারী এলাকায় থাকে পিএন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নুশরাত জাহান। সে বলে, পড়ার টেবিলের নিচে পা রাখা যায় না। মশা তাড়াব না পড়ায় মনোযোগ দেব? বাসার আশপাশে অনেক দিন থেকে মশার ওষুধ ছিটাতে দেখা যায় না।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত আবার মার্চ থেকে মে মাস পর্যন্ত মশার প্রজনন হয়। প্রজননকালে মশার প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করে। এ সময় মশা মারার ওষুধের প্রয়োজন পড়ে। চলতি মৌসুমে মশা মারার ওষুধ কেনার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি মাসের ৫ তারিখে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল।