মশার উপদ্রব ওষুধ-সংকটে, ছিটাতে দেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মশা নিধনের জন্য প্রয়োজন কমপক্ষে তিন হাজার লিটার ওষুধ। এ পরিমাণ ওষুধের মধ্যে রয়েছে মাত্র ১০০ লিটার। এ কারণে খুব শিগগির মশা নিধন কার্যক্রম শুরু করতে পারছে না সিটি করপোরেশন। মাস খানেকের আগে ওষুধ কেনাও সম্ভব হচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত ভুক্তভোগী ২২ জন বাসিন্দা জানান, শীত মৌসুম শুরু হওয়ার মুহূর্তে মশার উৎপাত এখন অনেকটাই বেড়ে গেছে। দিন-রাত সমান তালে মশা কামড়াচ্ছে। মশার মাত্রাতিরিক্ত উপদ্রব থাকায় দৈনন্দিন কাজ বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনাও করতে পারছে না।
লামাপাড়া এলাকার বাসিন্দা মাহমুদ সোহেল বলেন, মশারি ছাড়া ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। মশার কামড়ে শরীরের বিভিন্ন স্থান ফুলে যাচ্ছে। এমনকি জীবাণুবাহিত নানা রোগও ছড়িয়ে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে মশার উপদ্রবে ঘরে টেকাই কঠিন হয়ে পড়বে। সেনপাড়া এলাকার বাসিন্দা জেএসসি পরীক্ষার্থী অহিদুর মিয়া বলে, কয়েল জ্বালালেও মশা পালায় না। কেবল কামড়ায়। পড়াশোনা করতে সমস্যা হচ্ছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা থেকে জানা গেছে, নগরের ২৭টি ওয়ার্ডে শীত মৌসুমে মশা নিধনের ওষুধ ছিটানোর জন্য প্রয়োজন কমপক্ষে তিন হাজার লিটার ওষুধ। তবে বর্তমানে মজুত রয়েছে মাত্র ১০০ লিটার। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দরপত্র আহ্বানের মাধ্যমে ওষুধ কিনতে আরও এক মাস সময় লেগে যাবে বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
বাগবাড়ী এলাকার বাসিন্দা শাহীনুজ্জামান আলম বলেন, ‘পাড়া-মহল্লার নালা-নর্দমাগুলো আবর্জনায় পরিপূর্ণ। শীত মৌসুমের শুরুতে মশা নিধনের ওষুধ না ছিটানোয় মশা নির্বিঘ্নে বংশবিস্তার করছে। অথচ শীত মৌসুমের শুরুতেই মশা নিধনের ওষুধ ছিটানোর কথা। এবার কবে নাগাদ ওষুধ ছিটানো হবে—এ নিয়ে আমরা ভুক্তভোগীরা দ্বিধায় রয়েছি।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, মজুত থাকা ওষুধ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ছিটানো হচ্ছে। নালা-নর্দমার আবর্জনা পরিষ্কার করে মশার বংশবিস্তার রোধে কাজ চলছে। আর ৩০ লাখ টাকার ওষুধ কেনার জন্য একটি দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। মাস খানেকের মধ্যেই সে প্রক্রিয়া শেষ হবে। এরপর নগরের ২৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানো হবে।