
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘ঢাকায় মশার উপদ্রব অনেক বেশি, এটা সত্য। কিন্তু আমরা ২৪ ফেব্রুয়ারি থেকে ব্যাপকভাবে অভিযান শুরু করেছি। মশার উপদ্রব নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি।’
গত মঙ্গলবার প্রথম আলোর কাছে মেয়র এ আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র বলেন, মশার বিষয়টি তিনি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। কাউন্সিলরদের সঙ্গেও বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করছেন।
দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী, মানিকনগর, মুগদা, মান্ডা, রায়েরবাজারসহ বিভিন্ন এলাকার খালগুলোতে কচুরিপানা আছে বলে অবগত আছেন মেয়র। দ্রুত পরিষ্কার করার বিষয়ে তিনি বলেন, খালগুলোর মালিক জেলা প্রশাসন। তদারকির দায়িত্ব ঢাকা ওয়াসার। কিন্তু ঢাকার বাসিন্দারা আশা করেন সিটি করপোরেশন সেগুলো পরিবর্তন করবে। যদিও এ ক্ষেত্রে সিটি করপোরেশনের কাজ করার এখতিয়ার নেই। তারপরও কমিটি করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও ওয়াসার সঙ্গে আলোচনা করে ভালো একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
দক্ষিণ সিটি করপোরেশনের মশা উত্তরে এবং উত্তরের মশা দক্ষিণের সীমানায় ঢুকে পড়া প্রসঙ্গে মেয়র বলেন, এটা অত্যন্ত স্বাভাবিক। মশা তো সীমানা অতিক্রম করতেই পারে। এটা নিয়ে তর্ক করাও উচিত নয়। বিভিন্ন ইউনিয়ন থেকেও মশা উড়ে আসে। যেগুলো মারতে বাড়তি ওষুধ ব্যবহার করতে হচ্ছে। বাড়তি কাজও করতে হয় সিটি করপোরেশনের লোকদের। মেয়র বলেন, ‘আমাদের উদ্দেশ্য ও কাজ হচ্ছে মশা নিয়ন্ত্রণ করা। আন্তরিকভাবে সেই চেষ্টা করছি।’