মশার উপদ্রবে অতিষ্ঠ বগুড়া পৌরবাসী
মশার উপদ্রবে অতিষ্ঠ বগুড়া পৌরবাসী। তাদের অভিযোগ, বাজেটে অর্থ বরাদ্দ থাকলেও পাঁচ মাস ধরে বগুড়া পৌর এলাকায় মশা নিধন অভিযান বন্ধ রয়েছে।সরেজমিনে দেখা গেছে, শহরের কাঁচা ও পাকা নর্দমা ঠিকমতো পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। ঝাউতলা এলাকার রুহুল আমিন বলেন, ‘দিনে বিছানায় মশারি টাঙিয়ে ছেলেমেয়েরা লেখাপড়া করতে বাধ্য হচ্ছে। এখন কয়েল জ্বালিয়েও কোনো কাজ হচ্ছে না। পৌরসভা থেকে অনেক দিন ধরে কোনো ওষুধও ছিটানো হয় না।’ পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার মশা নিধন শাখায় মশা নিধনের জন্য পাঁচটি ফগার মেশিন আছে। এর মধ্যে দুটি কয়েক বছর ধরে নষ্ট। সম্প্রতি আরেকটি মেশিন এসেছে। এ শাখায় মশা নিধনের জন্য একজন সুপারভাইজারসহ পাঁচজন শ্রমিক কাজ করেন। এই নিয়ে ৭০ বর্গকিলোমিটার আয়তনের পৌরশহরে মশা নিধন অভিযান চালাতে হয়।মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘এই খাতে চলতি অর্থবছরে এক লাখ ৭০ হাজার টাকার বরাদ্দ রয়েছে। এই টাকায় কাজ না হলে আরও বরাদ্দ দেওয়া হবে।’