মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব প্রচণ্ড বেড়ে গেছে। উপদ্রব থেকে বাঁচতে অনেক এলাকায় দিনের বেলায়ও মশারি খাটাতে হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন দাবি করছে, পর্যাপ্ত ওষুধ ছিটানো হচ্ছে। নগরবাসীর প্রশ্ন, তাহলে মশার জ্বালায় তাঁরা অতিষ্ঠ কেন?
দুটি করপোরেশনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পর্যাপ্ত ওষুধ থাকলেও তা সঠিকভাবে ছিটানো যাচ্ছে না। ছিটানোর জন্য লোকবলও কম। উত্তর সিটি করপোরেশনের অভিজাত এলাকার তুলনায় অন্য এলাকাগুলোয় পরিচ্ছন্নতা-ব্যবস্থা অপ্রতুল।
দুটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ বলছে, মশা নিয়ন্ত্রণের জন্য সব ধরনের কার্যক্রম চলছে। পর্যাপ্ত ওষুধও রয়েছে। তবে দুটি সিটি করপোরেশনেই মশা মারার কাজে প্রয়োজনের তুলনায় লোকবল কম। দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ওষুধ শেষ হয়ে যাওয়ার কারণে দরপত্র আহ্বান করা হয়েছিল। পরীক্ষায় সেই ওষুধ গ্রহণযোগ্য না হওয়ায় আবার দরপত্র আহ্বান করতে হয়, যার জন্য ওষুধের ঘাটতিও হয়।
তবে ঢাকা দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ওষুধের জন্য আবার দরপত্র আহ্বান করা হয়েছে সত্য। কিন্তু এর বাইরে ডিএসসিসি সরাসরি ১৫ হাজার লিটার (উড়ন্ত মশার জন্য) ওষুধ ক্রয় করেছে। এক মৌসুমের জন্য দরকার হয় চার হাজার লিটারের মতো ওষুধ। মশার লার্ভা মারার জন্য সকালে পর্যাপ্ত ওষুধও ছিটানো হচ্ছে।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘ভরা মৌসুমে মশা থাকবেই। আমরাও পর্যাপ্ত ওষুধ ছিটিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে নালা-নর্দমায় মশার প্রজনন বেশি হচ্ছে। পরিষ্কার করার পরও আবার গাছের পাতা বা অন্য আবর্জনা জমে যাচ্ছে।’
অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করপোরেশনে পর্যাপ্ত ওষুধ থাকলেও লোকবল কম। এ জন্য পাঁচটি অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন পাঁচজন মেশিনম্যান ওষুধ ছিটাতে পারছেন। এক-একটি ওয়ার্ডে পাঁচজন মেশিনম্যান পাঁচ লিটার করে মোট ২৫ লিটার ওষুধ ছিটান। প্রতিটি ওয়ার্ডের আয়তন সমান না হলেও বরাদ্দ সমান।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে এলাকা বিশেষে কিছু বৈষম্য রয়েছে। ৩ নম্বর (গুলশান) ও ১ নম্বর (উত্তরা) অঞ্চলের নালা-নর্দমা ও ওপরের আবর্জনা পরিমাণে বেশি এবং নিয়মিতভাবে পরিষ্কার করা হয়। অন্যদিকে মিরপুরে দুটি অঞ্চলের ১৫টি ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার করা হয় দেরিতে। এসব এলাকায় ময়লার অস্থায়ী ভাগাড়ও কম, যার জন্য ওষুধ ছিটানো হলেও মশা বাড়তেই থাকে।
অতিষ্ঠ মানুষ: ঢাকা দক্ষিণের হাটখোলা এলাকায় মশারির ব্যবহার প্রায় ছিলই না। কিন্তু এখন যেসব বাড়িতে শিশু রয়েছে, মায়েরা দিনের বেলায়ও মশারি খাটাতে বাধ্য হচ্ছেন। ৪৯ নম্বর বাড়ির আড়াই বছরের এক শিশুকে নিয়ে উদ্বিগ্ন মা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফার্মেসিতে আসেন ডাক্তার দেখাতে। কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের ওই ফার্মেসিতে বসা চিকিৎসক এ প্রতিবেদককে বলেন, অল্প সময়ে অনেক রোগী বা তাঁদের লোক আসছেন, যাঁরা মশার কামড়ে ভয় পাচ্ছেন। এর কারণও আছে, এলাকায় মশাবাহিত রোগ আসলেই বেড়ে গেছে।
পূর্বাঞ্চলীয় এলাকা মুগদার বাসিন্দা রোখসানা বেগম মশার উপদ্রবের কথা টেলিফোনে জানিয়ে বলেন, তাঁর দুটি বাচ্চা অসুস্থ। মশা থেকেই হয়েছে। মশার ওষুধ নিয়মিত ছিটানো হয় না।
মুগদায় নালা-নর্দমা এবং ঝিল পরিষ্কার করা হয়নি বলে বাসিন্দা মোশতাক আহমদ জানান। পূর্বাঞ্চলীয় এলাকার ওয়াসা রোডের কাছে, মান্ডা খালে, তালতলা থানার কাছে খাল ও ঝিলে কচুরিপানা গত বছরের মতো এ বছরও পরিষ্কার করা হয়নি বলে জানা গেছে।
মিরপুর ১৪ নম্বরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এলাকায় অনেক ভবন রয়েছে। সেখানে চলতি মৌসুমে মশার ওষুধ ছিটানো হয়নি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। রূপনগর, মোহাম্মদপুরের ইকবাল রোড, আওরঙ্গজেব রোড, শেখের টেক, আদাবর ও আশপাশের এলাকা, পুরান ঢাকার হাজারীবাগ, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, পোস্তগোলা প্রভৃতি এলাকায় মশার উপদ্রব অনেক বেড়ে গেছে এবং এ নিয়ে বাসিন্দারা অতিষ্ঠ বলে জানা গেছে।