মশার উৎপাতে অতিষ্ঠ খুলনা নগরবাসী
মশার উৎপাত বেড়ে যাওয়ায় খুলনা নগরের বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। খুলনা সিটি করপোরেশন মশা নিধনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মশার প্রজননের সময়। এ সময় ফগার মেশিন দিয়ে অ্যাডাল্টিসাইড এবং মশার ডিম ও শূককীট ধ্বংস করার জন্য প্রতিদিন সাধারণ যন্ত্র দিয়ে লার্ভিসাইড ও লাইট ডিজেল ছিটানোর কথা। কিন্তু ফগার মেশিন না থাকায় সিটি করপোরেশন যথাসময়ে অ্যাডাল্টিসাইড ছিটাতে পারেনি। এ কারণে নগরে মশার উপদ্রব বেড়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে খুলনা সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা জানান, অ্যাডাল্টিসাইড ছিটানোর জন্য নগরের ৩১টি ওয়ার্ডে একটি করে ফগার মেশিন ছিল। এগুলোর মধ্যে ২৮টি নষ্ট হয়ে গেছে। প্রায় দুই বছর অ্যাডাল্টিসাইডের তেল কেনা হচ্ছে না। এ কারণে ফগার মেশিন ব্যবহারও হচ্ছে না। আর তাই মশা বেড়েছে। নগরের নিরালা এলাকার বাসিন্দা আবুল মালেক বলেন, ‘আগে দিনের বেলায় কোনো মশা ছিল না। বর্তমানে রাত-দিন একই অবস্থা। কয়েল জ্বালালেও মশার উৎপাত থামে না।’
সিটি করপোরেশনের কনজারভেন্সি কর্মকর্তা আনিসুর রহমান জানান, নষ্ট থাকা ১৩টি ফগার মেশিন ইতিমধ্যে মেরামত করা হয়েছে। আরও ৩৫টি নতুন ফগার মেশিন কেনা হচ্ছে। নগরের লাইট ডিজেল ও লার্ভিসাইড ছিটানো হচ্ছে। তা ছাড়া ফগার মেশিনের তেল কেনা হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে নগরে মশার উপদ্রব কমে যাবে।