মশার উৎপাতে অতিষ্ঠ বরিশাল নগরবাসী
বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে। কিছুদিন ধরে উপদ্রবের মাত্রা কয়েক গুণ বেড়েছে। এক মাস ধরে মশার ওষুধের সরবরাহ বন্ধ থাকায় এবং নর্দমাগুলো পরিষ্কার না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।মশার উপদ্রব বাড়ায় সিটি করপোরেশনের নাগরিকেরা দুর্ভোগ পোহাচ্ছে। মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য নগরের অনেক এলাকায় লোকজন দিনের বেলায়ও মশারি টাঙায়। সিটি করপোরেশনের কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের ৪৫ বর্গকিলোমিটার এলাকায় হাত দিয়ে ওষুধ ছিটানোর ৪০টি যন্ত্র (হ্যান্ড স্প্রে) এবং পাঁচটি ফগার মেশিন আছে। এর মধ্যে ২০টি হ্যান্ড স্প্রে মেশিন অকেজো অবস্থায় পড়ে আছে। প্রতি ওয়ার্ডে মাসে এক দিনের বেশি ওষুধ ছিটানো সম্ভব হয় না। এক মাস ধরে মশার ওষুধ সরবরাহ না থাকায় সে কাজও বন্ধ রয়েছে।করপোরেশনের একটি সূত্রে জানা গেছে, প্রতি ওয়ার্ডে গড়ে ছয়জন পরিচ্ছন্নতাকর্মী ও ৩০টি ওয়ার্ডের জন্য ২২ জন মশকনিধনকর্মী নিয়োজিত আছেন। এঁদের দেখভাল করার জন্য রয়েছেন প্রতি ওয়ার্ডে একজন করে সুপারভাইজার। প্রতি সপ্তাহে ড্রেন পরিষ্কার করার কথা থাকলেও বাস্তবে অনেক স্থানেই এ নিয়ম মানা হচ্ছে না। এসব কারণেও মশার উপদ্রব বাড়ছে।নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শারমিন আক্তার জানান, দিনেও মশারি ব্যবহার করতে হয়। বাচ্চাদের ঘুম পাড়িয়ে রাখা যায় না। ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান জানান, ঠিকভাবে মশানিধনে পদক্ষেপ নেওয়া হয় না।১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ হাবিবুর রহমান বলেন, ‘আমার এলাকার নালা ঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না। তাই মশার উপদ্রব সবচেয়ে বেশি। আমার নাতিরা রাত-দিন সব সময় মশারি টাঙিয়ে পড়াশোনা করে।’২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আহসান আজিম বলেন, যে দিন ওষুধ দেওয়া হয়, সে দিন বাইরের মশা ঘরে এসে উপদ্রব শুরু করে। ওষুধের সরবরাহ না থাকায় ফেব্রুয়ারি মাসে মশার ওষুধ ছিটানো হয়নি। করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘ওষুধের সরবরাহ না থাকায় মশার উপদ্রব বেড়েছে। আগামী সপ্তাহের মধ্যে আমরা ব্যবস্থা নিতে পারব। মাসে এক দিন ওষুধ দিলে আশানুরূপভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’সিটি মেয়র শওকত হোসেন হিরণ বলেন, ‘মশার ওষুধের ব্যাপারে সরকারি কোনো উদ্যোগ না থাকায় আমাদের সমস্যা হচ্ছে। তা ছাড়া সিটি করপোরেশনের নিজস্ব আয়ের তেমন কোনো উৎস না থাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।’