মশার ওষুধ ছিটানো নিয়ে লুকোচুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রায় প্রতিটি ঘরের কোনো না কোনো সদস্য চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। এর প্রকোপ এতই যে বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের মোনাজাতেও ‘এই মহামারি থেকে মুক্তির জন্য’ আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। চিকুনগুনিয়ার বর্তমান অবস্থা, সিটি করপোরেশনের তৎপরতা এবং মশা নিয়ন্ত্রণে কার কী করা উচিত, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন

মশা নিয়ন্ত্রণে দুভাবে কীটনাশক ছিটানো হয়। মশার লার্ভা মারতে হাতে চালানো মেশিন দিয়ে তরল ওষুধ এবং উড়ন্ত মশা মারতে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। পুরান ঢাকার লালবাগ এলাকায় খুঁড়ে রাখা রাস্তা ও ফুটপাতের ইট–সুরকি আর খোলা নর্দমার ওপর গতকাল দুপুরে ফগার মেশিন দিয়ে ওষুধ িছটাচ্ছেন িডএসসিসির কর্মী l ছবি: সাইফুল ইসলাম
মশা নিয়ন্ত্রণে দুভাবে কীটনাশক ছিটানো হয়। মশার লার্ভা মারতে হাতে চালানো মেশিন দিয়ে তরল ওষুধ এবং উড়ন্ত মশা মারতে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। পুরান ঢাকার লালবাগ এলাকায় খুঁড়ে রাখা রাস্তা ও ফুটপাতের ইট–সুরকি আর খোলা নর্দমার ওপর গতকাল দুপুরে ফগার মেশিন দিয়ে ওষুধ িছটাচ্ছেন িডএসসিসির কর্মী l ছবি: সাইফুল ইসলাম

‘চিকুনগুনিয়া: প্রধান শত্রু মশা, মূল দায়িত্ব সিটি করপোরেশন ও আপনার’ শিরোনামে প্রতিদিন একটি সচেতনতামূলক প্রচার ও মশা নিধন কার্যক্রমের তথ্য সরবরাহের পরিকল্পনা করেছিল প্রথম আলো। উদ্দেশ্য ছিল, প্রতিদিন কোন কোন এলাকায় সিটি করপোরেশন মশার ওষুধ ছিটাবে তার তালিকা প্রকাশ করা।
পাশাপাশি নগরবাসীকে এইটুকু বলা যে বাড়ির ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও গাড়ির ফেলে দেওয়া টায়ারে যেন পানি জমে না থাকে। দিনের বেলায় বিশেষ করে খুব সকালে ও সন্ধ্যার আগে সতর্ক থাকা। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা দিনে কামড়ায়। তাই ঝুঁকি না নিয়ে এই সময় শিশুদের মশারির মধ্যে রাখা।
কিন্তু এক মাস ধরে চেষ্টা করেও দুই সিটি করপোরেশনের কাছ থেকে মশার ওষুধ ছিটানো হবে এমন এলাকার তালিকা পাওয়া যায়নি। দুই সিটি করপোরেশনই তালিকাটি ‘দিচ্ছি, দিব’ করে আর দেয়নি প্রথম আলোকে।
গত ৪ জুন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়ের কাছে চাওয়া হয় তালিকাটি। তিনি ডিএসসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সানাউল হককে তথ্য দিয়ে প্রথম আলোকে সহায়তা করার জন্য অনুরোধ করেন। ওই দিন দুপুরে সানাউল হকের কাছে গেলে তিনি অঞ্চল-১-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সানজিদা ইসলামের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর সানাউল হক বলেন, তাঁর দপ্তর থেকে এই তথ্য দেওয়া সম্ভব নয়। কারণ, কোন পাড়া বা মহল্লায় মশার ওষুধ ছিটানো হবে, তা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ঠিক করেন।
পরদিন ৫ জুন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনের কাছে একই তথ্য চাওয়া হয়। তিনি তথ্য দিতে সরাসরি অপারগতা প্রকাশ করেন। ঘণ্টাখানেক পর ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে বিষয়টি জানিয়ে তথ্য পেতে সহায়তা চাওয়া হয়। মেয়র তাৎক্ষণিক এই তালিকা তৈরি করে দিতে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনকে নির্দেশ দেন। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন সকাল-বিকেল দুই বেলা মশক নিধনে ওষুধ ছিটানো হয়। কিন্তু কোন পাড়া-মহল্লায় তা ছিটানো হবে, তা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা ঠিক করে দেন। আমরা তালিকা করে দিলে তাঁদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।’
১৩ জুন রাতে তথ্য না দেওয়ার বিষয়টি মুঠোফোনে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জানানো হয়। তিনি পরদিন থেকে নিয়মিত সব তথ্য দেওয়ার আশ্বাস দেন। শেখ সালাউদ্দিনের সঙ্গে আবার দেখা করার পরামর্শ দেন। ১৪ জুন বেলা তিনটায় শেখ সালাউদ্দিনের সঙ্গে দেখা করলে তিনি কোনো তথ্য দেননি। তিনি আগের কথাই আবার বলেন। এ সময় ডিএসসিসির পাঁচটি অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও মশক নিধন সুপারভাইজারদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে এই প্রতিবদককে দেন স্বাস্থ্য কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান। ১৫ জুন ওই তথ্য দিতে সব সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও মশক নিধন সুপারভাইজারদের নির্দেশও দেন তিনি। ১৮ জুন বেলা তিনটার পর ডিএসসিসির অঞ্চল-২-এর মনোয়ার হোসেন, অঞ্চল-৩-এর মো. বশির ও অঞ্চল-৫-এর আনোয়ার সাদাতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। অঞ্চল-১-এর সুপারভাইজার মনির হোসেনের মুঠোফোন বন্ধ ছিল। বাকিরা পরদিন থেকে নিয়মিত তথ্য দেওয়ার আশ্বাস দেন। এর মধ্যে শুধু আনোয়ার সাদাত ই-মেইলে এক দিনের তথ্য পাঠিয়েছেন। বাকিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তা আর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা কোনো তথ্য পাঠাননি।
প্রায় একই অভিজ্ঞতা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেলায়ও।
প্রতিদিন কোন কোন এলাকায় মশার ওষুধ ছিটানো হয় তার তালিকা ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ইমদাদুল হকের কাছে চাওয়া হয় জুনের প্রথম সপ্তাহে। তিনি বলেন, ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয়। কিন্তু কখন, কোথায় এই ওষুধ ছিটানো হয়, তার তথ্য তাঁদের কাছে নেই। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরই তা নির্ধারণ করে দেন। ওই সপ্তাহে প্রতিবেদক ডিএনসিসির মেয়র আনিসুল হকের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি জেনে প্রথম আলোর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য দেওয়া হবে। এর কয়েক দিন পর স্বাস্থ্য কর্মকর্তা ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন একটি তালিকা তৈরি করা হয়েছে। পরে তালিকা আনতে যাওয়ার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি আর ফোন ধরেননি।
গত ২২ জুন মেয়র আনিসুল হকের উপস্থিতিতে মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ডিএনসিসির একটি সভা হয়। সভায় মশা নিধন কার্যক্রম পরিচালনার দায়িত্ব কাউন্সিলরদের দেওয়া হয়। এত দিন এসব দায়িত্ব পালন করতেন সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, কাউন্সিলররা মাসিক ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাণ কীটনাশক সরাসরি প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তার দপ্তর থেকে চাহিদাপত্রের মাধ্যমে সংগ্রহ করবেন। মশা নিধনে ব্যবহৃত ফগার মেশিন ও হাতে চালানো মেশিন কাউন্সিলররা মজুত ও সংগ্রহ করবেন।
জানতে চাইলে ওই সভায় অংশ নেওয়া ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, মশার ওষুধ নিয়ে অনিয়মের কথা শোনা যায়। ওষুধ দেওয়ার কথা থাকলেও দেয় না। কিন্তু জনগণের কাছে জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলরদের জবাবদিহি করতে হয়। এ জন্য মশা নিয়ন্ত্রণের দায়িত্ব কাউন্সিলররা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন।
সভায় নিজেদের আঙিনা পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়ে বাড়ির মালিকদের লিফলেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ে কোনো বাড়ির মালিক তা করতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে সিটি করপোরেশন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
ডিএসসিসির কর্মসূচি
চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে ও জরুরি তথ্য আদান-প্রদানের সুবিধার্থে নগর ভবনে তথ্যকেন্দ্র চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্যকেন্দ্রের ফোন নম্বর ৯৫৬৩৫০৭।
চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে আজ শুক্রবার জুমার নামাজের সময় ডিএসসিসির পাঁচটি অঞ্চলের প্রায় ৪০০টি মসজিদের খতিব বা ইমামেরা বয়ান করবেন। মসজিদের ফটকে এ-সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হবে।
এ ছাড়া এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে আরও সচেতনতা বাড়াতে কাল শনিবার বেলা ১১টায় সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল এবং পরদিন রোববার গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, খিলগাঁও হাইস্কুল ও আইডিয়াল হাইস্কুলে মতবিনিময় সভা করা হবে। পর্যায়ক্রমে শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এ ধরনের সচেতনতামূলক সভা করা হবে।