মশার কয়েল থেকে আগুন, প্রাণ গেল শিশু-বাবা-মায়ের
কারখানায় কাজ শেষে ক্লান্ত জুয়েল হোসেন স্ত্রী ও সাত মাসের ছেলেকে নিয়ে রাতে ঘুমিয়েছিলেন। মশার হাত থেকে বাঁচতে ঘরে জ্বালিয়েছিলেন কয়েল। যখন সন্তানকে জড়িয়ে নিশ্চিন্তে মা-বাবা ঘুমাচ্ছিলেন, তখন মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে ঘরের মেঝেতে রাখা কাপড়ে। সেখান থেকে বিছানায়। আগুনে পুড়ে সন্তানকে নিয়ে মা, বাবা আর্তচিত্কার করতে থাকেন।
গাজীপুর সিটি করপোরেশন এলাকার ডেগেরচালার ভাড়া বাড়িতে গত মঙ্গলবার (১৭ জুন) এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (১৮ জুন) সাত মাসের ছেলে ফাহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়। হাসপাতালে যন্ত্রণা সহ্য করার পরে গতকাল সোমবার রাতে (২৩ জুন) মারা যান বাবা জুয়েল হোসেন (২৫)। আজ মঙ্গলবার দুপুরে মারা যান মা মুন্নি বেগম ওরফে মনিরা (২২)। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর গ্রামে। জুয়েল হোসেন গাজীপুরের ইস্টওয়েস্ট পোশাক কারখানায় কাজ করতেন।
নিহত জুয়েল হোসেনের মামা মতিউর রহমান চিকিত্সকের বরাত দিয়ে জানান, অগ্নিকাণ্ডে শিশু ও তার মা-বাবার শরীরের ৪০ ভাগ পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, দগ্ধদের মধ্যে শিশু ফাহিম গত বুধবার (১৮জুন) দুপুরে, তার বাবা জুয়েল হোসেন গতকাল সোমবার (২৩ জুন) মধ্যরাতে ও মা মুন্নী বেগম আজ সকাল ১০টার দিকে মারা গেছেন। স্বজনেরা লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।