মশার কয়েল থেকে বিছানায় আগুন। সেই আগুনে দগ্ধ ঘুমন্ত শিশু ও তার মা-বাবা। আগুনে পুড়ে সাত মাসের ছেলেটির মৃত্যু হয়েছে। পোড়া শরীর নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তার মা-বাবা৷
গতকাল বুধবার ভোররাতে গাজীপুর সদর উপজেলার ডেগেরচালা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত শিশুটির নাম ফাহিম হোসেন৷ হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা জুয়েল হোসেন (২৫) ও মুন্নি বেগম (২২)৷ তাঁদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর এলাকায়৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাড়ে তিন বছর ধরে গাজীপুর সদর উপজেলার ডেগেরচালা এলাকার সফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন জুয়েল-মুন্নি দম্পতি। জুয়েল বোর্ডবাজার এলাকার ইস্টওয়েস্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর স্ত্রী গৃহিণী।
আহত জুয়েল ও মুন্নি এবং প্রতিবেশীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তাঁরা নিজ ঘরে বিছানার পাশে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে মশার কয়েল থেকে প্রথম কাঁথায় আগুন ধরে যায়। পরে সেই আগুন বিছানায় ছড়িয়ে পড়ে। আগুন তিনজনের শরীরে ছড়িয়ে পড়লে তাঁরা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভান। কিন্তু ততক্ষণে দগ্ধ হন তিনজন৷ পরে দ্রুত তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
অগ্নিদগ্ধ জুয়েলের মামা মতিউর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আগুনে জুয়েল ও তাঁর স্ত্রীর শরীরের ৪০ ভাগ দগ্ধ হয়েছে৷ আর শিশু ফাহিমের পুড়ে যায় ৯০ ভাগ। গতকাল বেলা একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়৷